Image description

দুই পোষা হাতির আকস্মিক লড়াইয়ের মাঝে পড়ে এক মর্মান্তিক দুর্ঘটনায় ভারতের কর্ণাটকে প্রাণ হারিয়েছেন তামিলনাড়ু থেকে আসা ৩৩ বছর বয়সী এক নারী পর্যটক। একটি হাতির শরীরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সোমবার কর্ণাটকের কোডাগু জেলার বিখ্যাত দুবারে হাতি ক্যাম্পে এই ঘটনা ঘটে।

নিহত ওই পর্যটকের নাম তুলসী। তিনি কর্ণাটকের এই জনপ্রিয় হাতি ক্যাম্পে বেড়াতে এসেছিলেন। বন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ঘটনার সময় তুলসী নদীর তীরের কাছে দাঁড়িয়ে মাহুতদের দ্বারা হাতিদের গোসল করানোর দৃশ্য দেখছিলেন।

কর্মকর্তারা জানান, ক্যাম্পে প্রতিদিনের নিয়ম অনুযায়ী যখন পোষা হাতিদের গোসল করানো হচ্ছিল, ঠিক তখনই কাঞ্চন ও মার্তণ্ড নামের দুটি হাতি হঠাৎ হিংস্র হয়ে ওঠে এবং একে অপরের সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়ে। মাহুতরা হাতি দুটিকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করলেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

সরকারি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লড়াইয়ের একপর্যায়ে কাঞ্চন নামের হাতিটি মার্তণ্ডকে লক্ষ্য করে তেড়ে যায়। দুই হাতির এই তুমুল ধাক্কাধাক্কির মধ্যে মার্তণ্ড হঠাৎ ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যায়। দুর্ভাগ্যবশত, কাছেই দাঁড়িয়ে থাকা তুলসী ওই সময় মার্তণ্ডের নিচে চাপা পড়েন এবং মারাত্মকভাবে আঘাত পান। উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

কাবেরি নদীর তীরে অবস্থিত এই দুবারে হাতি ক্যাম্পটি কর্ণাটকের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ। এখানে মাহুত ও বন কর্মীদের তত্ত্বাবধানে হাতিদের খাওয়ানো এবং গোসল করানোর মতো বিভিন্ন কার্যকলাপে পর্যটকেরা সরাসরি অংশ নিতে পারেন।

 

সূত্র: ইন্ডিয়া টুডে