Image description

মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উদ্দেশে ইরান আবারও কঠোর বার্তা দিয়েছে। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামি নিয়া জানিয়েছেন, ইরানের সশস্ত্র বাহিনী বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

মাশহাদে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পশ্চিমাংশ নিয়ন্ত্রণ করছে ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এবং পূর্বাংশ রয়েছে নিয়মিত নৌবাহিনীর তত্ত্বাবধানে। এই কৌশলগত জলপথে ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলেও দাবি করেন তিনি।

জেনারেল আকরামি নিয়া বলেন, চলমান সংঘাতে শত্রুপক্ষ তাদের কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। বরং যুদ্ধ পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে, যেখানে তেহরানের আর পিছু হটার সুযোগ নেই।

তিনি আরও দাবি করেন, সংঘাত চলাকালে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে মার্কিন সামরিক সরঞ্জামের ক্ষতি করা হয়েছে। যদিও এ বিষয়ে নির্দিষ্ট তথ্য দেননি তিনি।

কঠোর হুঁশিয়ারি দিয়ে ইরানি এই কর্মকর্তা জানান, ভবিষ্যতে ধ্বংস হওয়া সামরিক সরঞ্জাম প্রতিস্থাপনের জন্য কোনো অস্ত্রবাহী জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না।

বিশ্লেষকদের মতে, এই বক্তব্য থেকে স্পষ্ট মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি উপস্থিতির বিরুদ্ধে ইরান আরও কঠোর অবস্থান নিতে যাচ্ছে, যা আঞ্চলিক উত্তেজনাকে নতুন মাত্রা দিতে পারে।

শীর্ষনিউজ