প্রেসিডেন্ট সিরিল রামাফোসাকে অভিশংসনের জন্য একটি কমিটি গঠন করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট। দেশটিতে আলোচিত ‘ফার্মগেট কেলেঙ্কারিতে’ নাম জড়িয়েছে রামাফোসার। বিষয়টি নিয়ে তদন্ত করবে ওই কমিটি। প্রমাণ পেলে প্রেসিডেন্ট রামাফোসা অভিশংসনের মুখোমুখি হতে পারেন।
দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টের নিম্নকক্ষ গতকাল সোমবার জানায়, তদন্তের জন্য স্পিকার একটি কমিটি গঠন করে দেবেন।
গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ আদালত প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন কার্যক্রম শুরুর নির্দেশ দেন। মূলত এর পরিপ্রেক্ষিতে দেশটির পার্লামেন্ট তদন্ত কমিটি গঠন করতে যাচ্ছে।
আলোচিত ‘ফার্মগেট কেলেঙ্কারি’ নিয়ে বছর চারেক আগে দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট একটি তদন্ত আটকে দেয়। গত শুক্রবার দেশটির সাংবিধানিক আদালত বলেছেন, তদন্ত আটকে দেওয়ার উদ্যোগ দেশের সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না।
প্রেসিডেন্ট রামাফোসার বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করা হবে কি না, আনুষ্ঠানিকভাবে সেই সুপারিশের বিষয়ে সিদ্ধান্ত নেবে এ তদন্ত কমিটি। তার আগে কমিটির পক্ষ থেকে প্রেসিডেন্টের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো যাচাই–বাছাই করে দেখা হবে।
ধারণা করা হচ্ছে, বিষয়টি নিয়ে পার্লামেন্টের এ কমিটি কয়েক মাস ধরে আলোচনা চালিয়ে নিতে পারে।
‘ফার্মগেট কেলেঙ্কারি’ ঘটে ২০২০ সালে। প্রেসিডেন্ট রামাফোসার মালিকানাধীন ‘ফালা ফালা’ বাগানবাড়ি থেকে ৪০ লাখ মার্কিন ডলার চুরি হয়। জানা যায়, সেখানে সোফার ভেতর বিপুল পরিমাণের এই অর্থ লুকানো ছিল। ২০২২ সাল নাগাদ বিষয়টি নিয়ে তুমুল শোরগোল ওঠে। দেশটিতে প্রেসিডেন্টের বিরুদ্ধে রাজনৈতিক বিতর্ক দেখা দেয়।
দেশে দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন—এমন প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন প্রেসিডেন্ট রামাফোসা। কিন্তু তিনি নিজে এত বৈদেশিক মুদ্রা কোথায় পেলেন, এ কথা আগে জানিয়েছিলেন নাকি গোপন রেখেছিলেন, কেন বিপুল এই অর্থ ব্যাংকে না রেখে আসবাবে লুকিয়ে রেখেছিলেন; নানা প্রশ্ন ওঠে।
বিরোধীদের দাবি, ওই অর্থের উৎস পরিষ্কার নয়। কেলেঙ্কারি ধামাচাপা দিতে প্রেসিডেন্ট রামাফোসা রাষ্ট্রীয় ক্ষমতার ব্যবহার করেছেন।
তুমুল আলোচনা–সমালোচনার মুখে প্রেসিডেন্ট রামাফোসা ‘কোনো অন্যায়ে জড়িত থাকার কথা’ অস্বীকার করেন। কিন্তু এরপরও বিপদ পিছু ছাড়ছে না। এত বছর পর এসে সেই কেলেঙ্কারির তদন্ত শুরু হচ্ছে, যা প্রেসিডেন্টের সামনে অভিশংসনের ঝুঁকি তৈরি করছে।
প্রেসিডেন্ট রামাফোসা গত সপ্তাহে বলেন, অভিশংসন কার্যক্রম চালু করার আদালতের রায়কে তিনি সম্মান করেন
সংকটময় এ রাজনৈতিক পরিস্থিতিতে গতকাল সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রেসিডেন্ট রামাফোসা। সরাসরি জানিয়ে দেন, পদত্যাগ করছেন না তিনি। বরং স্বাধীন প্যানেলের সেই প্রতিবেদনের বিরুদ্ধে আইনি লড়াই চালানোর পরিকল্পনা রয়েছে তাঁর। প্রতিবেদনে রামাফোসার বিরুদ্ধে ‘অসদাচরণের প্রাথমিক প্রমাণ পাওয়ার’ কথা জানানো হয়েছিল।
রাজনৈতিক দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) নেতা সিরিল রামাফোসা। ২০১৮ সাল থেকে তিনি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট পদে রয়েছেন। এএনসির একজন মুখপাত্র জানিয়েছেন, কেলেঙ্কারির বিষয়টি নতুন করে সামনে আসার পর করণীয় নিয়ে নির্বাহী কমিটির সভা ডেকেছে এএনসি। মঙ্গলবার (আজ) এ সভা হওয়ার কথা।
এখন তদন্ত কমিটি যদি রামাফোসার বিরুদ্ধে নেতিবাচক কিছু খুঁজেও পায়, তারপরও পার্লামেন্টের নিম্নকক্ষের ভোটে প্রেসিডেন্টকে অভিশংসন করা কঠিন হতে পারে। কেননা প্রেসিডেন্টকে তাঁর পদ থেকে সরাতে পার্লামেন্টের নিম্নকক্ষে দুই–তৃতীয়াংশ সদস্যের সমর্থন দরকার হবে।
২০২৪ সালে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পরও এএনসি পার্লামেন্টে এক-তৃতীয়াংশের বেশি আসন ধরে রেখেছে।