Image description

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতে চলমান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতও সামরিক হামলা চালিয়েছিল বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বাইরে আমিরাতই একমাত্র দেশ, যারা গোপনে এই সংঘাতে অংশ নেয়। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে। 

সোমবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, পারস্য উপসাগরে ইরানের লাভান দ্বীপের একটি শোধনাগারে হামলা চালায় আমিরাত। যদিও এ হামলার বিষয়ে প্রকাশ্যে কোনও স্বীকৃতি দেয়নি আবুধাবি। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানায় ওয়াল স্ট্রিট জার্নাল ।

প্রতিবেদনে বলা হয়, হামলাটি এপ্রিলের শুরুর দিকে হয়েছিল, যখন একই সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন। তবে হামলাটি ঘোষণার আগে নাকি পরে হয়েছে, তা স্পষ্ট করা হয়নি।

তৎকালীন সময়ে ইরান স্বীকার করেছিল, একটি ‘অজ্ঞাত শত্রুপক্ষ’ তাদের ওই স্থাপনায় হামলা চালিয়েছে। এরপর প্রতিক্রিয়ায় সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান।

ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, উপসাগরীয় অন্যান্য দেশ সংঘাতে সরাসরি অংশ নিতে অস্বীকৃতি জানালেও আবুধাবির এই গোপন অংশগ্রহণকে ইতিবাচকভাবে গ্রহণ করেছিল ওয়াশিংটন।

এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে তারা অতীতে দেওয়া বক্তব্যের কথা উল্লেখ করে বলেছে, ইরানের হামলার জবাব দেওয়ার অধিকার তাদের রয়েছে। একইভাবে মন্তব্য করতে রাজি হয়নি পেন্টাগনও।

গত মার্চে একাধিক হিব্রু সংবাদমাধ্যম প্রতিবেদন প্রকাশ করে দাবি করেছিল, উপসাগরীয় অঞ্চলে ইরানের হামলার জবাবে দেশটির একটি লবণাক্ত পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলা চালায় আমিরাত। তবে এসব প্রতিবেদনকে ‘ভুয়া ইসরায়েলি প্রচার’ বলে ক্ষোভ প্রকাশ করেছিলেন আমিরাতি কর্মকর্তারা।