শান্তি চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান। পাকিস্তানের মধ্যস্থতাকারীদের কাছে এ লিখিত জবাব দেওয়া হয়েছে। তবে তেহরান কী বলেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। বিষয়টি সম্পর্কে জানাশোনা আছে এমন একটি সূত্র আজ রোববার ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএকে তেহরানের জবাব দেওয়ার খবর জানিয়েছে। আইআরএনএর বরাতে বার্তা সংস্থা এএফপি জানায়, ‘ইরান আজ পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাব পাঠিয়েছে।’
যুদ্ধ আনুষ্ঠানিকভাবে বন্ধ করতে শান্তি চুক্তির জন্য এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পরের কাছে একাধিক দফায় পাল্টাপাল্টি প্রস্তাব পাঠিয়েছে। কিন্তু এখন পর্যন্ত তারা একমত হতে পারেনি। এ পরিস্থিতিতে গত সপ্তাহে ইরানের কাছে ১৪ দফার প্রস্তাব পাঠায় যুক্তরাষ্ট্র। গত শুক্রবারের মধ্যে ইরান প্রস্তাবটির জবাব দেবে, এমনটি আশা করছিল যুক্তরাষ্ট্র। কিন্তু তা হয়নি।
এই অবস্থায় গত বৃহস্পতিবার থেকে হরমুজ প্রণালি নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে। সেখানে উভয় পক্ষের সেনারা পাল্টাপাল্টি বিক্ষিপ্ত সংঘাতে জড়িয়ে পড়ে। শুক্রবার ইরানের পতাকাবাহী দুটি ট্যাংকার অচল করে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র। একই দিন ওমান উপসাগরে একটি তেলের ট্যাংকার জব্দের দাবি করেছে ইরান।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা জবাবে ইসরায়েলে হামলা শুরু করে ইরান। হামলা চালায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতেও। যুদ্ধের ৪০ দিনের মাথায় পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ১১ ও ১২ এপ্রিল দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে প্রায় ২১ ঘণ্টার বৈঠক হয়; কিন্তু কোনো সমঝোতা ছাড়া বৈঠক শেষ হয়। এরপর থেকে তাদের মধ্যে দ্বিতীয় বৈঠকে বসানোর বিষয়ে আলোচনা চলছে।
শীর্ষনিউজ