Image description

দক্ষিণ লেবাননে ইসরাইলের হামলায় শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। ইসরাইলি বাহিনী দেশের দক্ষিণে আল-মানসুরি ও বাইয়ুত আল-সাইয়াদ শহরের উপকণ্ঠে এবং আল-মানসুরি-হামরা উপকূল পর্যন্ত এলাকায় ধারাবাহিক হামলা চালায়। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (এনএনএ) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

 

শুক্রবার ভোরের দিকে ইসরেইলি বাহিনী বাইয়ুত আল-সাইয়াদের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। এসময় সামরিক হেলিকপ্টার থেকে ব্যাপক হামলা চালানো হয়।

এনএএর তথ্যমতে, গত রাতে জিবকিন পৌরসভার দিকে যাওয়ার পথে রেড ক্রস এবং লেবাননের সেনাবাহিনীর চিকিৎসক দলকে লক্ষ্য করে হামলা চালানো হয়। চিকিৎসকরা আগের একটি অভিযানে নিহতদের লাশ উদ্ধার এবং আহতদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছিল। তবে ইসরাইলি গোলাবর্ষণের মুখে তারা পিছু হটতে বাধ্য হয়।

এছাড়াও, ইসরায়েলি বাহিনী আল-খিয়াম শহরের ভেতরে একটি বড় ধরনের বিস্ফোরণ ঘটিয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।

ইসরাইলের হামলায় মার্চের শুরু থেকে দুই হাজার ৭২৭ জন নিহত এবং আহত হয়েছেন আরো আট হাজার ৪৩৮ জন।

সূত্র: আল জাজিরা