চীনের একটি জনপ্রিয় অ্যাডভেঞ্চার পার্কে ক্লিফ সুইং বা পাহাড়ের চূড়ায় ঝুলন্ত দোলনায় চড়তে গিয়ে প্রাণ হারিয়েছেন এক তরুণী। রাইডটি শুরু হওয়ার মুহূর্তেই নিরাপত্তার দড়ি ছিঁড়ে গেলে তিনি কয়েকশ ফুট নিচে পড়ে যান।
গত ৩ মে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনার পর কর্তৃপক্ষ পর্যটন এলাকাটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।
দ্য বেইজিং নিউজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নিরাপত্তা হারনেস পরা ওই নারীকে ধীরে ধীরে নিরাপদ প্ল্যাটফর্ম থেকে বাইরে ঠেলে দেওয়া হচ্ছে। এ সময় তিনি বারবার ‘ভালোভাবে বাঁধা হয়নি’ বলে চিৎকার করছিলেন। তবে পার্কের কর্মীরা তাকে ছাড়তে থাকেন। প্ল্যাটফর্ম ছাড়ার সঙ্গে সঙ্গেই দড়িটি ছিঁড়ে যায় এবং তিনি নিচে পড়ে যান।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে নেওয়ার পথে লিউ নামের ওই তরুণীর মৃত্যু হয়। প্রাথমিকভাবে ঘটনাটিকে ‘নিরাপত্তাজনিত দুর্ঘটনা’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ঘটনায় দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত চলছে।
ক্লিফ সুইং পরিচালনার দায়িত্বে ছিল ‘চংকিং অ্যাডভেঞ্চার ক্যাম্প’ নামের একটি আউটডোর অ্যাডভেঞ্চার কোম্পানি। মার্চ মাসে তাদের উইচ্যাট অ্যাকাউন্টে রাইডটির প্রচারণা চালিয়েছিল প্রতিষ্ঠানটি।
এই ঘটনার পর কর্তৃপক্ষ ৪ মে থেকে ১০ মে পর্যন্ত স্থানটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। যন্ত্রপাতি পরীক্ষা ও রক্ষণাবেক্ষণের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।