Image description

আগামী নয়ই মে, শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। একথা জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য।

 

বুধবার তিনি বলেন, “আগামী নয়ই মে আমাদের শপথগ্রহণ অনুষ্ঠান। ব্রিগেডে সকাল দশটায়।”

 

রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের জন্য নবান্নে গিয়েছিলেন শমিক ভট্টাচার্য। সেই সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন।

প্রসঙ্গত, পঁচিশে বৈশাখ (নয়ই মে)-কেই যে শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য বেছে নেওয়া হবে, সেই নিয়ে জোরদার আলোচনা চলছিল। জল্পনা চলছে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম নিয়েও।

এদিকে, ব্রিগেডে মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান এবং নবান্নের পরিবর্তে মহাকরণ থেকেই সরকার চালানোর বিষয়ে নিয়েও আলোচনা চলছে। এর আগে কখনো ব্রিগেডে শপথ নিতে দেখা যায়নি রাজ্যের কোনো মুখ্যমন্ত্রীকে।

অনেকেই একে নজিরবিহীন বলে আখ্যাও দিয়েছেন। তবে ব্রিগেডের সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনীতির সম্পর্ক দীর্ঘদিনের।