পশ্চিমবঙ্গ জয়ের পর এবার অমিত শাহকে ‘দেবতা’ রূপে পূজা করতে মন্দির তৈরি করার ঘোষণা দিয়েছে বিজেপির নেতাকর্মীরা। মঙ্গলবার (৫ মে) এ ঘোষণা দিয়েছেন রাজ্যের হাওড়া জেলার বিজেপির নেতাকর্মীরা।
মধ্য হাওড়ার বিজেপি কর্মী জানিয়েছেন, অমিত শাহের মূর্তি নিত্যপূজার জন্য মন্দির তৈরি করবেন। আর এই মন্দির তৈরি হবে হাওড়া বিধানসভা কেন্দ্রের রামোজি হাজরা লেন এলাকার একটি পার্কে। মঙ্গলবার ঘটা করে সেই মন্দিরের শিলান্যাস যজ্ঞ (মন্দির নির্মাণের শুরুতে আয়োজিত পবিত্র অনুষ্ঠান) করেছেন বিজেপি কর্মীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রের শিশু পার্ক স্থানীয় তৃণমূল কংগ্রেস কাউন্সিলর দখল করে রেখেছিলেন এবং পার্কের নামাঙ্কন করেছিলেন তার মায়ের নামে। যদিও সেই পার্কে শিশু স্থানীয়দের প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছিলেন সেই কাউন্সিলর।
সোমবার (৪ মে) পশ্চিমবঙ্গের ক্ষমতার পালা বদলের সঙ্গে সঙ্গে সেই পার্কের দখল নেয় বিজেপি কর্মীরা। স্থানীয়দের জন্য পার্ক উন্মুক্ত করে দেওয়ার পাশাপাশি পার্কের পাশে দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন বিজেপি কর্মীরা। একই সঙ্গে পশ্চিমবঙ্গে ভয়মুক্ত স্বাধীনতা উপহার দেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্দির উদ্বোধনের সিদ্ধান্ত নেন তারা।
মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রের বিজেপির কনভেনার শিবশঙ্কর সাধুখাঁ বলেন, ওই ওয়ার্ডের সাবেক তৃণমূল কাউন্সিলর শ্যামল মিত্র ওই পার্কটি দখল করে রেখেছিলেন। সেখানে সাধারণ লোক প্রবেশ করতে পারত না। ছোটরা খেলাধুলা করতে পারত না। আজ থেকে সবার জন্য পার্কটি খুলে দেওয়া হলো। এখানে অমিত শাহর নামে মন্দির করা হবে। কারণ ভয়মুক্ত স্বাধীন বাংলা তৈরির কারিগর অমিত শাহ। এই মন্দিরে অমিত শাহর পাশাপাশি নেতাজির মূর্তি বসানো হবে।