Image description

পশ্চিমবঙ্গে বিজেপি সুনামিতে ভেসে গেছে তিনবারের ক্ষমতাসীন তৃণমূল পার্টি। অকল্পনীয়ভাবে পরাজিত হয়েছে তারা। বিজেপি সুনামিতে রাজ্যের বিভিন্ন আসনে হেরে গিয়েছেন তৃণমূলের তাবড় তাবড় প্রার্থী। অনেকে হেরেছেন বিজেপির তুলনামূলক ভাবে ‘অনামী’দের কাছেও। এমনকি দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত হেরে গিয়েছেন। আনন্দবাজার পরাজিত হেভিওয়েট প্রার্থীদের নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

 

মমতা বন্দ্যোপাধ্যায়: তালিকায় প্রথমেই রয়েছেন রাজ্যের বিদায়ী মুখমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ বার তার ভোটের লড়াই ছিল কঠিন। সেই লড়াইয়ে পরাজিত হয়েছেন তিনি। একসময়ের অন্যতম সহযোগী তথা অধুনা বিজেপির দোর্দণ্ডপ্রতাপশালী নেতা শুভেন্দু অধিকারীর কাছে ১৫ হাজারের বেশি ভোটে হেরে গিয়েছেন। তবে জিতবেন না, তা সম্ভবত ভাবেননি মমতা নিজেও। তিনি ছিলেন আত্মবিশ্বাসী। তাই মার্চে বলেছিলেন, এক ভোটে হলেও ভবানীপুর আসনে জিতবেন। কিন্তু সেখানেই শুভেন্দু অধিকারীর কাছে ১৫ হাজারের বেশি ভোটে হেরে গেছেন।

দেবাশিস কুমার: রাসবিহারী কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী দেবাশিস কুমার। বিজেপির ‘হেভিওয়েট’ প্রার্থী স্বপন দাশগুপ্তের কাছে প্রায় ২১ হাজার ভোটে হেরে গিয়েছেন। কলকাতা পুরসভার মেয়র পারিষদ তিনি। এলাকায় ‘দেবা’ নামে পরিচিত। ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও ওই কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন দেবাশিস। জয়ী হন। কিন্তু ২০২৬-এ হিসাব মিলল না। রাসবিহারী কেন্দ্র মানেই অভিজাত, শিক্ষিত মধ্যবিত্ত বাঙালির বসতি। বামেরা এই কেন্দ্রে এক বার ছাড়া জিততে পারেনি। প্রথমে কংগ্রেস এবং পরে তৃণমূলের শক্ত ঘাঁটি রাসবিহারী কেন্দ্র। তবে ২০২১ সালে ভারতীয় জনতা পার্টির ভোট বেড়েছিল অনেকটাই।

জ্যোতিপ্রিয় মল্লিক: ৩১ হাজারের বেশি ভোটে হাবড়া থেকে হেরে গেলেন জ্যোতিপ্রিয় মল্লিক (বালু)। ওই কেন্দ্রে জিতেছেন বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডল। তৃণমূল গঠনের সময় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী জ্যোতিপ্রিয়। তবে বিধানসভা নির্বাচনের সময়সূচি প্রকাশের পর থেকে বঙ্গ রাজনীতির নজর ছিল তার দিকে। রেশন দুর্নীতিকাণ্ডে নাম জড়িয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে দীর্ঘ সময় জেলে কাটানোর পর থেকে ক্ষতবিক্ষত তার জীবন। তাকে তৃণমূলের প্রার্থী করা হবে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছিল। তবে শেষমেশ তার উপরেই ভরসা রেখেছিলেন মমতা। ষষ্ঠ বার বিধানসভায় যাওয়ার লক্ষ্যে আবার হাবড়ার মাঠে নেমেছিলেন জ্যোতিপ্রিয়। তবে এ বার ভোট বৈতরণী পার করতে পারেননি তিনি।

অরূপ বিশ্বাস: তৃণমূলের ‘হেভিওয়েট’ নেতা অরূপ বিশ্বাস দাঁড়িয়েছিলেন টালিগঞ্জ কেন্দ্র থেকে। তিনিও জয় সুনিশ্চিত করতে পারেননি। বিজেপির পাপিয়া দে অধিকারীর কাছে ৬ হাজারের বেশি ভোটে হেরে গিয়েছেন।

রত্না চট্টোপাধ্যায়: বেহালা পশ্চিম কেন্দ্র থেকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রত্না চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছিল তৃণমূল। এর আগে ২০২১ সালেও রত্না তৃণমূলের টিকিটে ভোটে লড়েছিলেন। বেহালা পূর্ব কেন্দ্রের বিধায়ক তিনি। এ বারের ভোটে তার কেন্দ্র বদলে দিয়েছিল দল। তবে বেহালা পশ্চিমের মানুষ তার উপরে ভরসা রাখেননি। ওই কেন্দ্রে ২৪৬৯৯ ভোটে জিতেছেন বিজেপির ইন্দ্রনীল খাঁ।

শশী পাঁজা: তৃণমূলের হয়ে এ বারও শ্যামপুকুর কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তার বিরুদ্ধে লড়াইয়ে ছিলেন বিজেপির পূর্ণিমা চক্রবর্তী। ১৪৬৩৩ ভোটে শশীকে হারিয়ে জয়ী হয়েছেন পূর্ণিমা। নির্বাচনী যুদ্ধে টিকতে পারলেন না সাবেক কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত অজিত পাঁজার পুত্রবধূ শশী।

অতীন ঘোষ: কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রে তৃণমূল আবার প্রার্থী করেছিল অতীন ঘোষকে। বিদায়ী বিধায়ক অতীনের মূল লড়াই ছিল বিজেপি প্রার্থী রিতেশ তিওয়ারির সঙ্গে। সেই লড়াইয়ে পরাজিত অতীন। ১৬৫১ ভোটে হেরে গিয়েছেন তিনি।

শ্রেয়া পাণ্ডে: মানিকতলায় তৃণমূলের প্রার্থী ছিলেন প্রয়াত সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডে। বিজেপির প্রবীণ নেতা তাপস রায়ের কাছে ১৫৬৪৪ ভোটে হেরে গিয়েছেন তিনি। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে মানিকতলার বিধায়ক সাধন মারা যান। পরে ওই আসনের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হিসাবে জয়ী হন তার স্ত্রী সুপ্তি। এ বারের নির্বাচনে শ্রেয়াকে প্রার্থী করে তৃণমূল। তার লড়াই ছিল বিজেপির তাপস রায়ের সঙ্গে। হেরে গিয়েছেন শ্রেয়া। বাবার জয়ের ধারা বজায় রাখতে পারেননি তিনি।

ব্রাত্য বসু: দমদমেও তৃণমূলের নক্ষত্রপতন। ২৫২৭৩ ভোটে হেরে গেলেন ব্রাত্য বসু। ওই কেন্দ্রে জিতেছেন বিজেপির অরিজিৎ বক্সী। মনে করা হচ্ছিল, ব্রাত্যের লড়াই তুলনামূলক ভাবে সহজ। কিন্তু ফল তা বলল না।

পরেশচন্দ্র অধিকারী: কোচবিহারের মেখলিগঞ্জে পরেশচন্দ্র অধিকারী হেরে গিয়েছেন ২৯৫৮৪ ভোটে। জিতেছেন বিজেপির দধিরাম রায়। এ বারের লড়াই সহজ ছিল না পরেশচন্দ্রের জন্য। রাজ্যের এসএসসি নিয়োগ মামলায় দুর্নীতিতে নাম জড়িয়েছিল তার কন্যা অঙ্কিতা অধিকারীর। কলকাতা হাই কোর্টের নির্দেশে চাকরিও গিয়েছিল। মনে করা হচ্ছে তারই রেশ পড়েছে পরেশচন্দ্রের ভোটের ফলাফলে। হেরে গিয়েছেন তিনি।

উদয়ন গুহ: দিনহাটা থেকে পরাজিত তিন বারের বিধায়ক উদয়ন গুহ। কোচবিহারের দিনহাটায় এ বারও তাই তার উপরেই ভরসা রেখেছিল দল। কিন্তু জয় নিশ্চিত করতে পারেননি উদয়ন। ১৭৪৪৭ ভোটে উদয়নকে হারিয়েছেন বিজেপি প্রার্থী অজয় রায়।

স্বপ্না বর্মণ: রাজগঞ্জে তৃণমূল টিকিট দিয়েছিল সোনাজয়ী সাবেক অ্যাথিলিট স্বপ্না বর্মণকে। মূল প্রতিদ্বন্দ্বী বিজেপির দীনেশ সরকারের কাছে ২১৪৭৭ ভোটে হেরে গিয়েছেন তিনি। ২০২১ সালের বিধানসভা ভোটে জলপাইগুড়ির এই রাজগঞ্জে জিতেছিল তৃণমূলই। খগেশ্বর রায় তৃণমূলের টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন। তবে এ বার তার জায়গায় এই কেন্দ্রে স্বপ্নাকে দাঁড় করিয়েছিল তৃণমূল।

গৌতম দেব: শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবার শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র থেকেই তৃণমূলের টিকিটে লড়েছিলেন। বিজেপির ‘ভরসার মুখ’ শঙ্কর ঘোষের কাছে ৭৩১৯২ ভোটে হেরে গিয়েছেন তিনি। ২০২৬-এর নির্বাচনে গৌতমের বিরুদ্ধে বিজেপির তুরুপের তাস ছিল শঙ্কর। তাদের মধ্যে জোর টক্কর দেখা যাবে বলে মনে করা হচ্ছিল। ফলপ্রকাশের পর দেখা গেল, জিতেছেন শঙ্কর। বাজিমাত করতে পারেননি গৌতম। উল্লেখ্য, গত বিধানসভা ভোটেও ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রে বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়ের কাছে হেরে গিয়েছিলেন গৌতম।

অর্পিতা ঘোষ: ২০২৬ সালে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কেন্দ্রে তৃণমূল প্রার্থী হয়েছিলেন নাট্যকর্মী তথা সাবেক এমপি অর্পিতা ঘোষ। বিজেপির বিদ্যুৎকুমার রায়ের কাছে ৪৭৫৭৬ ভোটে হেরে গিয়েছেন তিনি।

হুমায়ুন কবীর: ডোমকলে সিপিএমের প্রার্থীর কাছে ১৬ হাজারের বেশি ভোটে হেরে গেলেন তৃণমূলের উল্লেখযোগ্য প্রার্থী তথা সাবেক পুলিশকর্তা হুমায়ুন কবীর। ডোমকলে হুমায়ুনের মূল লড়াই ছিল সিপিএমের মহম্মদ মোস্তাফিজুর রহমানের সঙ্গেই। জিতেছেন মোস্তাফিজুর। হেরে গিয়েছেন হুমায়ুন। হেরেছেন বিজেপি প্রার্থী নন্দদুলাল পাল এবং কংগ্রেস প্রার্থী শাহনাজ বেগমও।

উল্লেখ্য, হুমায়ুন হুগলির চন্দননগরের পুলিশ কমিশনার ছিলেন। ২০২১ সালে অবসরের মাস তিনেক আগে চাকরি থেকে ইস্তফা দেয়ার পরই তৃণমূলে যোগ দেন। আর ওই বছরেই পশ্চিম মেদিনীপুরের ডেবরা কেন্দ্র থেকে প্রার্থী হন। বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে হারিয়ে জেতেন। তবে এ বার মুর্শিদাবাদের ডোমকল কেন্দ্রের প্রার্থী করা হয়েছিল হুমায়ুনকে। কিন্তু এ বার তৃণমূলের মুখরক্ষা করতে পারলেন না তিনি।

সোহম চক্রবর্তী: তৃণমূলের হয়ে অভিনেতা সোহম চক্রবর্তী দাঁড়িয়েছিলেন নদিয়ার করিমপুর আসন থেকে। অনেক উল্লেখযোগ্য প্রার্থীর মতো তিনিও হেরে গিয়েছেন। ভোটের ময়দানে তার বিরুদ্ধে লড়াইয়ে ছিলেন বিজেপির সমরেন্দ্রনাথ ঘোষ। সমরেন্দ্রনাথ জিতে গিয়েছেন ৯০৮২ ভোটে।

মধুপর্ণা ঠাকুর: বাগদা থেকে ৩৪৬১৬ ভোটে হেরে গিয়েছেন তৃণমূলের মতুয়া-মুখ মধুপর্ণা ঠাকুর। বাগদা বিধানসভার উপনির্বাচনে জয়ী হয়ে ইতিহাস গড়েছিলেন তৃণমূলের মধুপর্ণা। বিধানসভায় সর্বকনিষ্ঠ বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। এ বারের নির্বাচনেও তাকে বাগদার প্রার্থী করেছিল দল। লড়াইয়ে ছিলেন বিজেপির সোমা ঠাকুরের সঙ্গে। তবে সেই লড়াইয়ে হেরে গিয়েছেন তিনি।

রাজ চক্রবর্তী: ব্যারাকপুর থেকে হেরে গিয়েছেন তৃণমূলের পরিচালক প্রার্থী রাজ চক্রবর্তী। দ্বিতীয় বার ব্যারাকপুরের মাঠে নেমেছিলেন রাজ। তবে লক্ষ্যভেদও করতে পারেননি। ১৫ হাজারের বেশি ভোটে হেরেছেন বিজেপির কৌস্তুভ বাগচীর কাছে।

চন্দ্রিমা ভট্টাচার্য: রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে এ বারও দমদম উত্তর কেন্দ্র থেকে প্রার্থী করেছিল তৃণমূল। বিজেপির সৌরভ সিকদারের কাছে ২৬ হাজারের বেশি ভোটে হেরে গিয়েছেন তিনি। ২০১১ সালেই দমদম উত্তরের বিধায়ক হয়েছিলেন চন্দ্রিমা। ২০১৬ সালে ওই কেন্দ্রে সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের কাছে পরাজিত হন। ২০১৭ সালের উপনির্বাচনে কাঁথি দক্ষিণ থেকে জিতেছিলেন তিনি। পরে ২০২১ সালের ভোটে আবার দমদম উত্তরে লড়েন এবং জেতেন। তবে জয় এল না ২০২৬-এর নির্বাচনে।

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়: ১৬৯৫৬ ভোটে হেরে গেলেন তৃণমূলের তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও। বিজেপির সজল ঘোষের কাছে হেরেছেন তিনি। ২০২৪ সালে উপনির্বাচনে জিতে বরাহনগরের বিধায়ক হয়েছিলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ২০২৬-এর ভোটেও তাকেই টিকিট দিয়েছিল তৃণমূল। তার সমর্থনে পদযাত্রা করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পদযাত্রা সার্থক হয়নি। সায়ন্তিকার থেকে জয় ছিনিয়ে নিয়েছেন বিজেপির দুঁদে নেতা সজল।

শওকত মোল্লা: ‘স্পর্শকাতর’ ভাঙড়ে তৃণমূলের শওকত মোল্লার লড়াই ছিল বিদায়ী বিধায়ক তথা আইএসএফ-এর নেতা নওশাদ সিদ্দিকির সঙ্গে। গত বিধানসভা নির্বাচনে ভাঙড় থেকে জিতে বিধায়ক হন নওশাদ। তাকে হারাতে তৃণমূলের তুরুপের তাস ছিল ক্যানিং পূর্বের বিদায়ী বিধায়ক শওকত। কিন্তু ভাঙড়ের হিসাব বদলায়নি। ৩২০৮৮ ভোটে জিতেছেন নওশাদই।

সুজিত বসু: ২০২৬-এর নির্বাচনে বিধাননগর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের সুজিত বসুর দিকে নজর ছিল সকলেরই। তৃণমূলের ‘হেভিওয়েট’ সুজিত হেরে গিয়েছেন ৩৭ হাজারের বেশি ভোটে। বিদায়ী মন্ত্রিসভার সদস্য সুজিতের হার হয়েছে বিজেপির শারদ্বত মুখোপাধ্যায়ের কাছে।

অদিতি মুন্সি: রাজারহাট-গোপালপুর কেন্দ্র থেকে ২৭৭৫৭ ভোটে হেরে গিয়েছেন তৃণমূলের গায়িকা প্রার্থী অদিতি মুন্সি। লড়াই ছিল বিজেপির তরুণজ্যোতি তিওয়ারির সঙ্গে। তরুণজ্যোতি পেশায় আইনজীবী। এবার ভোটের ময়দানে তিনি নতুন। তবে এ বছরের বিধানসভা নির্বাচনে তরুণজ্যোতির পাশেই দাঁড়িয়েছেন রাজারহাট-গোপালপুর কেন্দ্রের মানুষ। ২০ হাজারের বেশি ভোটে অদিতিকে হারিয়ে দিয়েছেন তিনি।

রথীন ঘোষ: মধ্যমগ্রামে তৃণমূল প্রার্থী করেছিল বিদায়ী বিধায়ক তথা মন্ত্রী রথীন ঘোষকে। বুধবার বিধানসভা নির্বাচনে ভাগ্যনির্ধারণ হয়েছে তাঁর। হেরে গিয়েছেন বিজেপির অনিন্দ্য রাজু বন্দ্যোপাধ্যায়ের কাছে।

সব্যসাচী দত্ত: বারাসত কেন্দ্রে তৃণমূলের প্রার্থী সব্যসাচী দত্ত। তিনিও পরাজিত। তার বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছিল শঙ্কর চট্টোপাধ্যায়কে। তিনি জিতে গিয়েছেন প্রায় ৩৫ হাজার ভোটে।

অরুন্ধতী মৈত্র (লাভলি): দ্বিতীয় দফার ভোটে সোনারপুর দক্ষিণ ছিল অন্যতম নজরকাড়া কেন্দ্র। সোনারপুর দক্ষিণে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন অভিনেত্রী অরুন্ধতী (লাভলি) মৈত্র। ওই কেন্দ্রে লড়াই ছিল মূলত দুই অভিনেত্রীর। তবে বিজেপির রূপা গঙ্গোপাধ্যায়ের কাছে ৩৫৭৮২ ভোটে হেরে গিয়েছেন তৃণমূলের লাভলি।

বেচারাম মান্না: তৃণমূল প্রার্থী তথা বিদায়ী মন্ত্রিসভার কৃষিমন্ত্রী বেচারাম মান্না ২১৪৩৮ ভোটে হেরে গিয়েছেন সিঙ্গুর আসন থেকে। সিঙ্গুরে এবার বিজেপি প্রার্থী করেছিল অরূপকুমার দাসকে। বেচারামের কাছ থেকে জয় ছিনিয়ে নিয়েছেন তিনি।

ইন্দ্রনীল সেন: চন্দননগর থেকে তৃণমূলের হয়ে লড়েছিলেন বিদায়ী মন্ত্রী ইন্দ্রনীল সেন। ১০ হাজারের বেশি ভোটে হেরে গিয়েছেন তৃণমূলের গায়ক প্রার্থী। বিজেপির দীপাঞ্জনকুমার গুহের কাছে পরাজিত হয়েছেন তিনি।

বিদেশরঞ্জন বসু: সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিদেশ বসুর দিকেও নজর ছিল। বিজেপির স্বরাজ ঘোষের কাছে ২৩২৮৯ ভোটে হেরে গিয়েছেন তিনি। ওই কেন্দ্রে কংগ্রেসের তরফে সৌগত ঘোষ এবং সিপিএমের তরফে অনির্বাণ সরকার দাঁড়িয়েছিলেন।

পবিত্র কর: নন্দীগ্রাম বিধানসভা আসনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করেছিল পবিত্র করকে। তবে তিনি জিতবেন না বলেই ঠাওর করেছিলেন ভোটপণ্ডিতেরা। হয়েছেও তাই। বিজেপির শুভেন্দুর কাছে ৯৬৬৫ ভোটে হেরেছেন তিনি। পবিত্র এককালে তৃণমূল করলেও ২০২০ সালে শুভেন্দু বিজেপিতে যাওয়ার কিছু দিন আগে পদ্মশিবিরে যোগ দিয়েছিলেন। হয়েছিলেন বিজেপির ব্লক সভাপতিও। নন্দীগ্রামের যে এলাকায় শুভেন্দু গত বিধানসভা ভোটে সবচেয়ে বেশি লিড পেয়েছিলেন, পবিত্র সেই বয়াল এলাকারই নেতা। শুভেন্দুর ‘ঘনিষ্ঠ’ বলেও পরিচিত ছিলেন নন্দীগ্রামের রাজনীতিতে। গত ১৭ মার্চ সকালে অভিষেকের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন পবিত্র। তার পরে তাকে নন্দীগ্রামে প্রার্থী করা হয়। কিন্তু হেরে গিয়েছেন তিনি।

মানসরঞ্জন ভুঁইয়া: সবংয়ে তৃণমূল প্রার্থী করেছিল মানসরঞ্জন ভুঁইয়া বা মানস ভুঁইয়াকে। দীর্ঘ দিন ধরে দলের ভরসার পাত্র তিনি। ২০২৬-এ ভরসা ধরে রাখতে পারলেন না তিনি। এ বারের নির্বাচনে বিজেপি প্রার্থী অমলকুমার পন্ডার কাছে ১১১৩৬ ভোটে হেরে গিয়েছেন পশ্চিম মেদিনীপুরের বর্ষীয়ান এই নেতা।

রাজীব বন্দ্যোপাধ্যায়: ডেবরায় তৃণমূলকে রক্ষা করতে পারলেন না রাজীব বন্দ্যোপাধ্যায়। একসময় মমতার মন্ত্রিসভায় বনমন্ত্রী ছিলেন তিনি। কিন্তু মাঝে ফুলবদল করেছিলেন রাজীব। তবে বছর কয়েক আগে বিজেপির ‘মোহ’ কাটিয়ে আবার ফিরেছেন পুরনো ঘরে। রাজীবকে এ বারের ভোটে ডেবরায় পাঠিয়েছিল তৃণমূল। তবে ডেবরায় ২৮৮০১ ভোটে হেরে গিয়েছেন রাজীব। হেরেছেন বিজেপি প্রার্থী শুভাশিস ওমের কাছে।

মলয় ঘটক: মন্ত্রী মলয় ঘটক এবার লড়েছিলেন আসানসোল উত্তর থেকে। সেই মলয় এ বার ১১৬১৫ ভোটে হেরে গিয়েছেন বিধানসভা নির্বাচনে। তার লড়াই ছিল বিজেপির কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের সঙ্গে। জিতে গিয়েছেন কৃষ্ণেন্দু। উল্লেখ্য, মমতার মন্ত্রিসভায় আইনমন্ত্রী ছিলেন মলয়। কিন্তু ভোটের মুখেই তার দফতর বদল করে দেন মুখ্যমন্ত্রী।