ইরানের ইউরেনিয়াম ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সহায়তার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওভাল অফিসে সিএনএনের সাংবাদিক কেইটলান কলিন্সের সঙ্গে আলাপে এই দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, ‘পুতিন সাহায্য করতে চান। আমি বলেছি, আমাকে সাহায্য করার আগে আমি আপনার (রাশিয়া-ইউক্রেন) যুদ্ধ শেষ করতে চাই। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে যুক্ত হতে চান তিনি। আমাদের এটি পেতে সাহায্য করতে পারেন।’
এর আগে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার প্রস্তাব দিয়েছিল মস্কো। তবে ইরান তার ইউরেনিয়াম রাশিয়ায় পাঠাবে কি না এ বিষয়টি স্পষ্ট করেননি ট্রাম্প।
এদিকে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে বিশদ আলোচনা হয়েছে জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট যোগ করেন, ‘আমি তাকে অনেক দিন ধরে চিনি। আমার মনে হয় তিনি কিছুদিন আগেই একটি চুক্তি করতে প্রস্তুত ছিলেন। কিন্তু কিছু মানুষ তার জন্য তা কঠিন করে তুলেছে।’
ট্রাম্প আরও বলেন, পুতিনের সঙ্গে আলোচনার পর তার ধারণা, ইরান ও ইউক্রেন যুদ্ধ ‘একই ধরনের সময়সীমার মধ্যে’ শেষ হতে পারে। তার ভাষায়, ‘কোন যুদ্ধটি আগে শেষ হবে? হয়তো দুটিই একই সময়সীমায় শেষ হতে পারে। আমার মনে হয় আমরা খুব দ্রুত একটি সমাধানে পৌঁছাতে যাচ্ছি। আমরা এমন একটি সমাধান দেখতে চাই যা ভালো হবে।’