Image description

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রোস্টেট ক্যানসারের চিকিৎসা নেওয়ার বিষয়টি এতদিন গোপন রেখেছিলেন বলে জানিয়েছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) নিজেই এ তথ্য প্রকাশ করেন ৭৬ বছর বয়সী এই নেতা।

নেতানিয়াহু জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় তাঁর শরীরে প্রাথমিক পর্যায়ের একটি ম্যালিগন্যান্ট টিউমার শনাক্ত হয়। এর আগে ২০২৪ সালের শেষ দিকে প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়ার কারণে তাঁর অস্ত্রোপচার হয়েছিল।

তিনি বলেন, জেরুজালেমের জেরুজালেমের হাদাসাহ মেডিক্যাল সেন্টারে চিকিৎসা নেওয়ার পর বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। চিকিৎসায় ক্যানসার পুরোপুরি নির্মূল হয়েছে বলেও দাবি করেন তিনি।

স্বাস্থ্য তথ্য গোপন রাখার বিষয়ে নেতানিয়াহু বলেন, ইরানকে ঘিরে চলমান উত্তেজনার সময় তিনি নিজের বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশে বিলম্ব করতে বলেছিলেন। যুদ্ধ পরিস্থিতিতে তাঁর শারীরিক অবস্থা নিয়ে জনমনে উদ্বেগ সৃষ্টি হোক, তা তিনি চাননি।

বর্তমানে যুদ্ধবিরতির প্রেক্ষাপটে নিজের অবস্থাকে ‘চমৎকার’ বলে উল্লেখ করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানান, প্রায় দেড় বছর আগে তাঁর প্রোস্টেটে অস্ত্রোপচার হয়েছিল এবং এরপর থেকে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন।

সর্বশেষ পরীক্ষায় প্রোস্টেটে প্রায় এক সেন্টিমিটারের একটি ক্ষত ধরা পড়ে, যা ক্যানসারের প্রাথমিক স্তর হিসেবে শনাক্ত হয়। চিকিৎসকেরা অপসারণের পরামর্শ দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

চলতি বছরের ২০ এপ্রিলের মেডিক্যাল রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালের ২৯ ডিসেম্বর তাঁর প্রথম অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়। পরবর্তীতে ফলোআপ পরীক্ষায় একটি সন্দেহজনক ক্ষত দেখা গেলেও তা শরীরের অন্য কোথাও ছড়ায়নি।

রেডিয়েশন থেরাপি বিভাগের পরিচালক অধ্যাপক হারুন পপোভজার জানান, টিউমারটির আকার ছিল মাত্র ০.৯ সেন্টিমিটার এবং এটি একেবারেই প্রাথমিক পর্যায়ে ছিল। আড়াই মাস আগে নেওয়া বিশেষ চিকিৎসায় ক্যানসার পুরোপুরি নির্মূল হয়েছে।