ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘দ্বৈত ব্যবহার’ পণ্য সরবরাহের ক্ষেত্রে এসব প্রতিষ্ঠানের ওপর নতুন করে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নভুক্ত সাতটি প্রতিষ্ঠানকে চীনের রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় যুক্ত করা হয়েছে। ফলে এসব প্রতিষ্ঠানের কাছে এখন থেকে এমন কোনো পণ্য বা প্রযুক্তি রপ্তানি করা যাবে না, যা বেসামরিক ও সামরিক উভয় কাজে ব্যবহারযোগ্য।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, তালিকায় থাকা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে এফএন হেরস্টাল, ফাব্রিক ন্যাশনালি ডি হেরস্টাল, অমনিপোল এ.এস, হেনসোল্ড এজি, এক্সক্যালিবার আর্মি স্পল.এস.আর.ও, স্পেসকনো আইএনসি, ওদস্তেপনি জাভোদ এস.আর.ও, ভিজেডএলইউ অ্যারোস্পেস এ.এস এবং এফএন ব্রাউনিং।
চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, এখন থেকে কোনো বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠান এসব কোম্পানির কাছে ‘দ্বৈত ব্যবহার’ পণ্য সরবরাহ বা স্থানান্তর করতে পারবে না। একইসঙ্গে তাদের সঙ্গে সংশ্লিষ্ট চলমান কার্যক্রমও বন্ধ করতে হবে।
‘দ্বৈত ব্যবহার’ পণ্য বলতে এমন প্রযুক্তি বা সরঞ্জামকে বোঝায়, যা একদিকে বেসামরিক কাজে ব্যবহৃত হলেও অন্যদিকে সামরিক প্রয়োজনে বা এমনকি গণবিধ্বংসী অস্ত্র তৈরিতেও ব্যবহার করা যেতে পারে।
চীনের দাবি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাইওয়ানের সঙ্গে অস্ত্র বাণিজ্য বা সহযোগিতায় জড়িত থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিষয়টি ইউরোপীয় পক্ষকে আগেই জানানো হয়েছিল বলেও জানিয়েছে বেইজিং।
তবে চীনের পক্ষ থেকে বলা হয়েছে, এই সিদ্ধান্ত সামগ্রিকভাবে চীন-ইইউ বাণিজ্য সম্পর্ককে প্রভাবিত করবে না। আইন মেনে চলা ইউরোপীয় প্রতিষ্ঠানগুলোর জন্য কোনো উদ্বেগের কারণ নেই বলেও আশ্বস্ত করা হয়েছে।