Image description

ফিলিস্তিনের গাজায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলা থেমে থাকেনি। বেড়েই চলেছে নিহতের সংখ্যা। সোমবারও (২০ এপ্রিল) গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় আরও পাঁচ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার (২১ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করেছে সংবাদমাধ্যম আলজাজিরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় একটি পুলিশ চেকপয়েন্টে কামানের গোলা ছুড়ে ইসরায়েলি বাহিনী। এ হামলায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এছাড়া মধ্য গাজার বুরেজ শরণার্থী শিবিরে ড্রোন হামলায় একজন এবং উত্তর গাজা সিটির জেইতুন পাড়ার একটি মোড়ে হামলায় আরও একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে, গত বছরের অক্টোবরে ইসরায়েল একটি যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হওয়ার কথা থাকলেও বাস্তবে গাজাবাসীর ওপর হামলা বন্ধ হয়নি। চুক্তির পর থেকে এ পর্যন্ত পুরো গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে মোট ৭৮০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত বছরের ১০ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার অংশ হিসেবে এ চুক্তি করা হয়েছিল। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং প্রায় ২০০ জনকে বন্দী করে গাজায় নিয়ে আসা হয়। জবাবে সেদিন থেকেই গাজায় নির্বিচার ও নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

২০২৩ সালের অক্টোবর থেকে সর্বশেষ যুদ্ধবিরতির আগপর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় মোট ৬৮ হাজারের বেশি মানুষ নিহত এবং ১ লাখ ৭০ হাজার ২০০ মানুষ আহত হয়েছেন।