Image description

চলমান যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে একটি শক্তিশালী বোমা বিস্ফোরণে ইসরায়েলি বাহিনীর (আইডিএফ) এক রিজার্ভ সেনা নিহত এবং অন্তত ৯ জন আহত হয়েছেন। গতকাল শনিবার এই ঘটনাটি ঘটেছে নিশ্চত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। খবর টাইমস অফ ইসরায়েল।

আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, নিহত সেনার নাম লিডোর পোরাত (৩১)। তিনি আশদোদ শহরের বাসিন্দা ছিলেন এবং ৭৬৯তম ‘হীরাম’ আঞ্চলিক ব্রিগেডের ৭১০৬তম ব্যাটালিয়নে সার্জেন্ট ফার্স্ট ক্লাস হিসেবে কর্মরত ছিলেন।

সামরিক বাহিনীর প্রাথমিক তদন্ত থেকে জানা যায়, দক্ষিণ লেবাননের ইসরায়েল-নিয়ন্ত্রিত এলাকায় ওই ব্যাটালিয়নের কাজ চলাকালীন একটি ইঞ্জিনিয়ারিং যান হিজবুল্লাহর পুঁতে রাখা বোমার ওপর দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণটি ঘটে। যান্ত্রিক সরঞ্জামগুলোর নিরাপত্তার দায়িত্বে থাকা সেনারা এই বিস্ফোরণের কবলে পড়েন। এতে লিডোর পোরাত ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত ৯ জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, চারজন মাঝারি এবং বাকি চারজন সামান্য আহত হয়েছেন।

বিস্ফোরণের পরপরই ওই এলাকার বেশ কিছু লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আহত সেনাদের উদ্ধার করে হেলিকপ্টারে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। 

সেনাবাহিনী জানিয়েছে, এই ঘটনার বিস্তারিত কারণ জানতে তারা আরও গভীর তদন্ত শুরু করেছে।