Image description

ইরান কোনো চুক্তিতে সম্মত না হলে যুক্তরাষ্ট্র পুনরায় সামরিক অভিযান শুরু করতে প্রস্তুত— এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি জানিয়েছেন, সম্ভাব্য সংঘাতের জন্য আগের যেকোনো সময়ের তুলনায় বেশি শক্তি নিয়ে প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী।

 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পেন্টাগনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, ইরানের সামনে একটি সমৃদ্ধ ভবিষ্যৎ বেছে নেওয়ার সুযোগ রয়েছে। আমরা আশা করি, তারা সেই পথই বেছে নেবে— যা ইরানি জনগণের জন্য কল্যাণকর, যোগ করেন তিনি।

 

তবে একইসঙ্গে সতর্কবার্তাও দেন হেগসেথ। তার ভাষায়, ইরান যদি ভুল সিদ্ধান্ত নেয়, তাহলে দেশটির ওপর কঠোর অবরোধ আরোপ করা হবে।

এমনকি অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি খাতে হামলারও ইঙ্গিত দেন তিনি।

 

ইরানকে চুক্তিতে রাজি করাতে চাপ বাড়ানোর অংশ হিসেবে দেশটির সঙ্গে সংশ্লিষ্ট সব জাহাজের ওপর নজরদারি ও অবরোধ আরোপের কথাও জানানো হয়েছে।

ইরানে প্রবেশ বা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করা জাহাজগুলো এই ব্যবস্থার আওতায় পড়বে।

 

এদিকে মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন জানিয়েছেন, ইরানি পতাকাবাহী কিংবা ইরানকে সহায়তা দিতে পারে— এমন যে কোনো জাহাজকে সক্রিয়ভাবে অনুসরণ করবে যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, অবরোধ ভাঙার চেষ্টা করলে সংশ্লিষ্ট জাহাজগুলোকে প্রথমে সতর্ক করা হবে, প্রয়োজনে আটক করা হবে। আর নির্দেশনা অমান্য করা হলে শক্তি প্রয়োগের পথেও যাবে মার্কিন বাহিনী।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, ইরানের আঞ্চলিক জলসীমার পাশাপাশি আন্তর্জাতিক জলসীমাতেও এই অবরোধ কার্যকর থাকবে।