ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিকে সরাসরি আলোচনার 'স্বাভাবিক প্রবেশদ্বার' হিসেবে দেখছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। ব্রিটেনের মধ্যপ্রাচ্যবিষয়ক মন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি এই অবস্থান স্পষ্ট করেছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক বিবৃতিতে আউন বলেন, লেবানন দক্ষিণে এবং দেশের সব অঞ্চলে উত্তেজনা প্রশমন চায়, যাতে নিরীহ নারী-পুরুষ ও শিশুদের ওপর হামলা বন্ধ হয় এবং লেবাননের গ্রাম ও শহরে ঘরবাড়ি ধ্বংস থামে।
ইসরায়েল-লেবানন আলোচনার প্রশ্নে দেশটির সার্বভৌমত্বের বিষয়েও কঠোর অবস্থান নিয়েছেন আউন। তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে যেকোনো আলোচনা পরিচালনা করবে একমাত্র লেবানন কর্তৃপক্ষ। বাইরের কোনো পক্ষের হস্তক্ষেপ দেশের সার্বভৌমত্বের পরিপন্থি।
লেবাননি ভূখণ্ড থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহারকে যুদ্ধবিরতি সংহত করার 'অপরিহার্য পদক্ষেপ' বলে অভিহিত করেছেন আউন। একই সঙ্গে তিনি বলেছেন, আন্তর্জাতিক সীমানা পর্যন্ত লেবাননের সেনাবাহিনীকে পুনরায় মোতায়েন করতে হবে, যাতে দেশে সশস্ত্র উপস্থিতির যেকোনো প্রকাশ বন্ধ করা যায়।
লেবাননের প্রেসিডেন্টের এই বক্তব্য এমন সময়ে এলো যখন ইসরায়েল-লেবানন সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়েছে ওয়াশিংটনে। তবে হিজবুল্লাহ এই আলোচনা প্রত্যাখ্যান করেছে এবং যেকোনো চুক্তি না মানার ঘোষণা দিয়েছে। ইসরায়েল বলছে, হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং লেবাননের সঙ্গে একটি ঐতিহাসিক শান্তিচুক্তিই তাদের মূল লক্ষ্য। দুই পক্ষের অবস্থানের এই দূরত্ব কতটা কমানো যাবে, সেটিই এখন বড় প্রশ্ন।