ফেনীর সোনাগাজীতে মাদক ও চাঁদাবাজি নিয়ে পৃথক সংঘর্ষে বিএনপির সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার কাজীরহাট ও লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাগাজী মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।স্থানীয়দের জিজ্ঞাসাবাদও চলছে।
জানা গেছে, এলাকায় মাদক নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার রাত ১০টার দিকে মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়। এ ঘটনায় যুবদল কর্মী মোহাম্মদ সুমন এবং কর্মী হারুন ও ফয়সাল আহত হন। আহতদের ফেনী সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে সোনাগাজীর কাজীরহাট বাজারে চুরি ও চাঁদাবাজিতে বাধা দেওয়ায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিনকে নিজ দলীয় নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।
আহত জসিমের দাবি, কাজীরহাট এলাকায় চাঁদাবাজি ও চুরিতে বাধা দেওয়ায় শুক্রবার রাত ৯টার দিকে যুবদলকর্মী বাবুর নেতৃত্বে তার সহযোগীরা প্রকাশ্যে তাকে পিটিয়ে হত্যার চেষ্টা করে।