লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর মেফাদৌনে ইসরায়েলি ‘ট্রিপল-ট্যাপ’ হামলায় চারজন প্যারামেডিক নিহত হয়েছেন। মানবিক সহায়তা প্রদানকালে এই হামলার ঘটনা ঘটে। লেবাননের প্রশাসনিক উন্নয়ন মন্ত্রী ফাদি মক্কি একে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মন্ত্রী বলেন, মানবিক সহায়তা ও ত্রাণকর্মীদের লক্ষ্যবস্তু করা একটি নতুন যুদ্ধাপরাধ। এটি লেবানন এবং এর জনগণের বিরুদ্ধে ইসরায়েলের ধারাবাহিক অপরাধের রেকর্ডে আরও একটি সংযোজন।
ফাদি মক্কি এই আক্রমণকে আন্তর্জাতিক মানবিক আইন এবং চিকিৎসা ও অ্যাম্বুলেন্স কর্মীদের সুরক্ষায় প্রণীত কনভেনশনগুলোর ‘চরম লঙ্ঘন’ বলে উল্লেখ করেন।
তিনি আরও নিশ্চিত করেন যে, লেবানন সরকার পদ্ধতিগতভাবে এই অপরাধগুলোর নথিপত্র তৈরি করছে। প্রাসঙ্গিক আন্তর্জাতিক ফোরামগুলোতে ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনতে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
সূত্র : আল-জাজিরা