Image description

কারাগার থেকে মুক্তি পেয়েছেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দেশটির পুলিশ বাহিনীর বরাতে এ তথ্য জানায় আনাদোলু এজেন্সি।

 

গত বছরের শেষের দিকে জেনজি নেতৃত্বাধীন গণআন্দোলনে তার সরকারের পতন ঘটে। আন্দোলনে বিক্ষোভকারীদের হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। নেপালের কমিউনিস্ট পার্টির প্রধান ওলি তার এই গ্রেপ্তারকে রাজনৈতিক প্রতিহিংসা বলে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন।

 

নেপালের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা পবন কুমার ভট্টরাই আনাদোলুকে জানিয়েছেন, ‘৭৪ বছর বয়সি ওলিকে রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় শিক্ষক হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তার কিডনির অস্ত্রোপচার করা হবে।’

 

কিডনি জটিলতায় আক্রান্ত ওলিকে গত মার্চের শেষের দিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর অসুস্থ থাকার কারণে হাসপাতালেই ভর্তি রাখা হয়েছিল তাকে। এমনকি হাসপাতালেই তার জবানবন্দি রেকর্ড করে পুলিশ।

 
 

 

ওলি ছাড়াও নেপালের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকও বৃহস্পতিবার মুক্তি পেয়েছেন। দেশটির সুপ্রিম কোর্টের পক্ষ থেকে তাদের আটকাদেশের সময় না বাড়ানোর নির্দেশ দেওয়ার পর তাদের মুক্তি দেওয়া হয়।

 

গত বছরের সেপ্টেম্বরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর ওপর নিষেধাজ্ঞা জারির পর দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। সেই আন্দোলনে অন্তত ৭৭ বিক্ষোভকারী নিহত এবং ৭০০ জন আহত হন, যার ফলশ্রুতিতে ওলি সরকারের পতন ঘটে।

 

বর্তমানে নেপালের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন ৩৫ বছর বয়সি বালেন শাহ। সাবেক এই র‍্যাপার নেপালের ইতিহাসে কনিষ্ঠতম প্রধানমন্ত্রী, যিনি এর আগে কাঠমান্ডুর মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।