Image description

ইরান-মার্কিন যুদ্ধবিরতির খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে ইসলামাবাদে আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার আগেই তা ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। লেবানন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির শর্তাবলি নিয়ে সৃষ্ট বিরোধ এই উত্তজনা ও উদ্বেগের মূল কারণ।

 

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে এই সংকটের শুরু। ভ্যান্স জানান, ইরান মনে করেছিল এই যুদ্ধবিরতির আওতায় লেবাননও অন্তর্ভুক্ত। তার এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে যে, এই যুদ্ধবিরতি অত্যন্ত সংকীর্ণ, অসম্পূর্ণ এবং ভঙ্গুর।

 

ক্যাপিটল হিল বা মার্কিন পার্লামেন্টের মূল উদ্বেগের জায়গা হলো তাদের মিত্র দেশ পাকিস্তানের সঙ্গে মতপার্থক্য। পাকিস্তান স্পষ্টভাবে দাবি করেছে যে, লেবানন এই যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত ছিল। অন্যদিকে, যুক্তরাষ্ট্র বলছে লেবানন এ যুদ্ধবিরতির অংশ নয়। ঠিক কী বিষয়ে চুক্তি হয়েছে, তা নিয়ে এই দুই দেশের বিপরীতমুখী অবস্থান, আন্তর্জাতিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে।

 

অপরদিকে ন্যাটো প্রধান মার্ক রুটের সঙ্গে বৈঠকের মাত্র একদিন পরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও এ সামরিক জোটের কঠোর সমালোচনা করেছেন। আজ সকালে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, ‘আমাদের নিজেদের লোকসহ ন্যাটোর এই ব্যক্তিদের কেউই কোনো কিছু বোঝে না, যদি না তাদের ওপর চাপ প্রয়োগ করা হয়।’

 

বর্তমানে ক্যাপিটল হিলে প্রেসিডেন্টের ক্ষমতা খর্ব করার জন্য এক ধরনের চাপ তৈরি হয়েছে। তবে রিপাবলিকান সদস্যরা এখনো জেদ ধরে আছেন যে, লেবানন ইস্যুটি একটি সম্পূর্ণ ভিন্ন বিষয় এবং এটি মূল যুদ্ধবিরতির সঙ্গে সম্পর্কিত নয়।
এই অস্পষ্টতা এবং মিত্রদের মধ্যে সমন্বয়হীনতা পুরো অঞ্চলের শান্তি প্রক্রিয়াকে ঝুঁকির মুখে ফেলেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।