সৌদি আরবের জুবাইল অঞ্চলের পেট্রোকেমিক্যাল স্থাপনাগুলোতে হামলার দায় স্বীকার করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস। এ হামলায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়।
মঙ্গলবার (৭ এপ্রিল) আলজাজিরা এ সংবাদ প্রকাশ করেছে।
ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের শিরাজ পেট্রোকেমিক্যাল স্থাপনায় ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইরানি কর্মকর্তারা এর আগে বারবার সতর্ক করেছিলেন যে ইরানের বিদ্যুৎকেন্দ্র বা গুরুত্বপূর্ণ অবকাঠামোতে কোনো হামলা হলে তার পাল্টা জবাব হিসেবে পুরো অঞ্চলের অবকাঠামোতে একই ধরনের হামলা চালানো হবে। বিশেষ করে,হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ট্রাম্প প্রশাসনের বেঁধে দেওয়া মঙ্গলবার পর্যন্ত সময়সীমার পর এই উত্তেজনা আরও বৃদ্ধি পায়।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) বিবৃতিতে বলা হয়েছে, তারা জুবাইল অঞ্চলে অবস্থিত মার্কিন কোম্পানিগুলোর ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। লক্ষ্যবস্তু করা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সাদরা, এক্সনমোবিল ও ডার্ক কেমিক্যাল।
এ ছাড়া জুয়াইমাহ অঞ্চলে অবস্থিত মার্কিন কোম্পানি শোরডান ফিলিপসের একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সেও হামলা হয়েছে। মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে এ হামলা চালানো হয়েছে বলে আইআরজিসি নিশ্চিত করেছে।