চলতি বছর পবিত্র হজ ও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ধরে টানা ছয় দিনের সরকারি ছুটির আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। জ্যোতির্বিজ্ঞানের গণনা অনুসারে, ঈদুল আজহা ২৭ মে অনুষ্ঠিত হবে। এর আগের দিন পবিত্র আরাফা দিবস। সেই হিসাবে বাংলাদেশে ২৮ মে উদযাপিত হবে ঈদ।
সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভার অনুমোদন অনুযায়ী, আরবি ক্যালেন্ডার অনুসারে জিলহজ মাসের ৯ তারিখ পালিত হয় আরাফা দিবস।
গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে, আরাফার দিনটি ২৬ মে (মঙ্গলবার)। পরদিন ২৭ মে অনুষ্ঠিত হবে ঈদুল আজহা। দেশটিতে সাপ্তাহিক ছুটি দুই দিন; শনিবার ও রোববার। পবিত্র হজের দিন দেশটিতে সরকারি ছুটি থাকবে।
এ নিয়ে সম্ভাব্য তারিখ ধরেই সংযুক্ত আরব আমিরাত ২৬ মে থেকে ৩১ পর্যন্ত ছয় দিন সরকারি ছুটির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আরাফা দিনে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। এদিন আরাফাতের ময়দানে অবস্থান করেন পবিত্র হজে অংশ নেয়া মুসল্লিরা। চাঁদ দেখা সাপেক্ষে আরবি ক্যালেন্ডারের শেষ মাস জিলহজ শুরু হবে ১৮ মে থেকে।
এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের (এইউএএসএসএ) সদস্য ইব্রাহিম আল জারওয়ান বলেছেন, “আরবি ক্যালেন্ডারের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব ঈদুল আজহা ২৭ মে থেকে শুরু হবে বলে আশা করা হচ্ছে। ১৮ মে ইসলামি চন্দ্র ক্যালেন্ডারের দ্বাদশ ও শেষ মাস জিলহজের প্রথম দিন হবে।”
সূত্র: খালিজ টাইমস