Image description

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স শহরের একটি কনভিনিয়েন্স স্টোরের সামনে এক প্রবাসী বাংলাদেশি নারীকে নৃশংসভাবে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। হামলার শিকার ওই নারীর নাম নিলুফার ইয়াসমিন (৪২)। তিনি লক্ষ্মীপুর জেলার কুশাখালী ইউনিয়নের গোরারবাগ গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে হামলার শিকার হয়ে আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

প্রবাসীরা জানান, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৭টা ১৪ মিনিটে হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফোর্ট মায়ার্স ফায়ার ডিপার্টমেন্ট ও লি কাউন্টি ইএমএস। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয় তারা। কিন্তু সকাল ৭টা ২৭ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, হামলার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি প্রথমে একটি কালো গাড়ির কাচ ভাঙচুর করে। পরে দোকান থেকে বের হয়ে আসা ইয়াসমিনের ওপর অতর্কিত হামলা চালায়। প্রথম আঘাতেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর হামলাকারী তার মাথায় একাধিকবার আঘাত করে পালিয়ে যায়।

প্রবাসী সূত্র জানা গেছে, ঘটনার পরপরই পুলিশ অভিযান শুরু করে। কে-৯ ইউনিট ও শেরিফের এভিয়েশন ইউনিট অংশ নেয় অভিযানে। নিরাপত্তার কারণে আশপাশের তিনটি স্কুল সাময়িকভাবে লকডাউন করা হয়। প্রথমদিকে হামলাকারী পালিয়ে গেলেও পরে তাকে শনাক্ত করে বিকেলে গ্রেপ্তার করা হয়।

প্রবাসী লক্ষ্মীপুরের বাসিন্দা শাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া নিহতের ভাই কুশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন মানিকও একই তথ্য জানান। ইয়াসমিনের এমন নির্মম মৃত্যুতে যুক্তরাষ্ট্রসহ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

শীর্ষনিউজ