Image description

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের দেওয়া ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরান স্পষ্ট জানিয়েছে, আলোচনার বদলে তারা পরিস্থিতির জবাব দেবে ‘মাঠেই’।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সেখানে একটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে বলা হয়, গত বুধবার একটি তৃতীয় দেশের মাধ্যমে যুক্তরাষ্ট্র এই যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের কাছে পাঠায়।

প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সময়ে অঞ্চলে উত্তেজনা বেড়ে যাওয়ার পাশাপাশি ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে ভুল মূল্যায়নের কারণে মার্কিন বাহিনী চাপে পড়েছে। সেই চাপ কমানো এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই ওয়াশিংটন দ্রুত এই প্রস্তাব দেয় বলে দাবি করা হয়েছে।

তবে ইরান এ প্রস্তাবের কোনো আনুষ্ঠানিক বা লিখিত জবাব দেয়নি। বরং সামরিক পদক্ষেপ চালিয়ে যাওয়ার মাধ্যমেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে সংঘাত অব্যাহত রাখার সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।