Image description

আঞ্চলিক সংঘাতের কারণে উপসাগরীয় দেশগুলোতে বাংলাদেশিসহ অভিবাসী শ্রমিকরা অতিরিক্ত ঝুঁকির সম্মুখীন হচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (HRW)-এর এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।

সংস্থাটির পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, ২০২৬ সালের মার্চ মাসে হিউম্যান রাইটস ওয়াচ বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে কর্মরত ৩৮ জন ভারতীয়, নেপালি ও বাংলাদেশি অভিবাসী শ্রমিকের সাক্ষাৎকার নেয়। তারা পেশায় চালক, ডেলিভারি কর্মী, নিরাপত্তাকর্মী, রাঁধুনি ও পরিচ্ছন্নতাকর্মী।

নিয়মিত কাজের ঝুঁকির বাইরে বর্তমানে যুদ্ধের কারণে অতিরিক্ত ঝুঁকির মুখেও রয়েছে লক্ষ লক্ষ অভিবাসী শ্রমিক। সংস্থাটি সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে নিহত বাংলাদেশিদের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেছে।

সংঘাত চলাকালীন অভিবাসী শ্রমিকরা উপসাগরীয় অঞ্চলের অর্থনীতি ও পরিষেবাগুলোর নিরবচ্ছিন্ন কার্যক্রমের জন্য অপরিহার্য কাজগুলো করে থাকেন, যার মধ্যে রয়েছে খাদ্য ও পানি সরবরাহ, স্বাস্থ্যসেবা প্রদান এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ। কিন্তু আয় কমে যাওয়া, ক্রমবর্ধমান খরচ এবং পর্যাপ্ত সামাজিক পরিষেবা বা সামাজিক সুরক্ষার অভাবে কিছু শ্রমিক তাদের দৈনন্দিন খরচ মেটাতে অক্ষম।

হিউম্যান রাইটস ওয়াচের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের উপ-পরিচালক মাইকেল পেজ বলেন, “উপসাগরীয় দেশগুলোতে কর্মরত লক্ষ লক্ষ অভিবাসী শ্রমিক এই সংঘাতের মধ্যে তাদের শারীরিক নিরাপত্তা ও চাকরির সুরক্ষার হুমকির সম্মুখীন হচ্ছেন।”

তিনি আরও বলেন, “এই সংঘাত অভিবাসী শ্রমিকদের জন্য নতুন ঝুঁকি তৈরি করেছে এবং একই সঙ্গে কাফালা (পৃষ্ঠপোষকতা) ব্যবস্থার মাধ্যমে প্রাপ্ত অধিকারসহ শ্রম ও অন্যান্য অধিকারের ঘাটতিগুলোও উন্মোচিত করেছে।”

হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, উপসাগরীয় দেশগুলোর উচিত আয় হ্রাস প্রশমিত করতে এবং প্রয়োজনে তার ক্ষতিপূরণ দিতে জরুরি ব্যবস্থা গ্রহণ করা। এই সংকট আরও কাঠামোগত পদক্ষেপের জরুরি প্রয়োজনীয়তা তুলে ধরেছে, যার মধ্যে রয়েছে সকল শ্রমিককে ন্যূনতম জীবনধারণ উপযোগী মজুরি প্রদান, তাদের চুক্তিকে সম্মান করা এবং সামাজিক সুরক্ষা সুবিধা প্রাপ্তি নিশ্চিত করা।

উপসাগরীয় দেশগুলোর আরও উচিত স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে ইচ্ছুক শ্রমিকদের জন্য বিমান ভাড়ার সহায়তা নিশ্চিত করা অথবা সাশ্রয়ী মূল্যের ফ্লাইটের বিকল্প ব্যবস্থা করতে নিজ দেশের সরকার ও বিমান সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করা।

শীর্ষনিউজ