চলতি বছরের প্রথমদিকে ইরানজুড়ে চলা সরকারবিরোধী বিক্ষোভের সময় পুলিশ কর্মকর্তাদের হত্যা এবং যুক্তরাষ্ট্রের ও ইসরায়েল পক্ষে অভিযান চালানোর দায়ে দোষী সাব্যস্ত তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দেশটির বিচারিক সংবাদ সংস্থা মিজান অনলাইন এই তথ্য নিশ্চিত করেছে। অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়া যুদ্ধের মধ্যেই এ দণ্ড কার্যকর করা হয়েছে।
মিজান অনলাইনের বরাতে আল-জাজিরা লিখেছে, “চলতি বছরের জানুয়ারি মাসে (ইরানি ক্যালেন্ডারে দেই মাস) বিক্ষোভে অংশ নিয়ে দুই পুলিশ কর্মকর্তাকে হত্যা এবং জায়নবাদী রাষ্ট্র (ইসরায়েল) ও যুক্তরাষ্ট্রের পক্ষে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে আজ (বৃহস্পতিবার) সকালে তিনজনের ফাঁসি কার্যকর করা হয়েছে।”
ইরানের বর্তমান যুদ্ধাবস্থার ২০তম দিনে এই দণ্ড কার্যকর করা হলো। দেশটির বিচার বিভাগ জানিয়েছে, দণ্ডপ্রাপ্তরা হত্যা এবং ‘সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধ’ করার অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন।
গত ডিসেম্বরের শেষ দিকে ইরানে অর্থনৈতিক সংকট নিয়ে শুরু হওয়া আন্দোলন পরে সরকারবিরোধী বিক্ষোভে রূপ নেয়। ইরান সরকারের দাবি অনুযায়ী, এই বিক্ষোভে ৩ হাজার ১১৭ জন নিহত হয়েছে।
তবে জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এসব হত্যাকাণ্ডের সঙ্গে সরকারি বাহিনীর সরাসরি সংশ্লিষ্টতার অভিযোগ তুললেও তেহরান তা প্রত্যাখ্যান করেছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক ‘হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি’ গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর আগে জানিয়েছিল, তারা ৬ হাজার ৮৭২ জনের মৃত্যু নিশ্চিত করেছে এবং আরও ১১ হাজারেরও বেশি মৃত্যুর ঘটনা তদন্ত করছে।
অন্যদিকে, জাতিসংঘের বিশেষ দূত সতর্ক করেছিলেন যে, নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যেতে পারে।
শীর্ষনিউজ