মারা যাওয়ার গুজবের মধ্যে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নতুন একটি ভিডিও বার্তা প্রকাশ হয়েছে। এতে তিনি ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে তার মৃত্যুর গুজবকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। নতুন এই ভিডিওতে তার সঙ্গে ছিলেন ইসরাইলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবে। অনলাইনে কয়েকদিন ধরে তার অনুপস্থিতি নিয়ে নানা জল্পনা চলছিল। এমনকি আগের একটি ভিডিওতে তাকে ‘ছয় আঙুল’সহ দেখাও গেছে- এমন দাবি ছড়িয়ে পড়ে। এ খবর দিয়ে অনলাইন এনডিটিভি বলছে, মঙ্গলবার প্রকাশিত নতুন ভিডিওতে নেতানিয়াহুকে হাকাবির সঙ্গে হাঁটতে ও কথা বলতে দেখা যায়। সেখানে হাকাবি হালকা মজার ছলে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তাকে পাঠিয়েছেন নেতানিয়াহুর খোঁজ নিতে। হাকাবি বলেন, মি. প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট আমাকে পাঠিয়েছেন নিশ্চিত হতে যে আপনি ভালো আছেন। নেতানিয়াহু জবাব দেন, হ্যাঁ মাইক, হ্যাঁ, আমি বেঁচে আছি।
হাকাবি আবার মজা করে বলেন, আমি সেটা দেখে খুশি। তবে প্রেসিডেন্ট নিশ্চিত হতে চেয়েছিলেন। কারণ আপনারা তো খুব ভালোভাবে একসঙ্গে কাজ করছেন।
এই কথোপকথনে নেতানিয়াহু ইসরাইলের চলমান হামলার কথাও উল্লেখ করেন। তার এসব হামলায় ইরানের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। এর মধ্যে আলি লারিজানি এবং বাসিজ কমান্ডার গোলামরেজা সোলাইমানির নামও আসে। এই দু’জন এরই মধ্যে নিহত হয়েছেন। এ খবর নিশ্চিত করেছে ইরান।
নেতানিয়াহু বলেন, আমি বেঁচে আছি। কিন্তু আমার কাছে একটা ‘পাঞ্চ কার্ড’ আছে। আজ আমি এই তালিকা থেকে দুইটি নাম মুছে দিয়েছি। দেখুন, এখনো কত নাম বাকি আছে।
হাকাবি মজা করে জবাব দেন, ভালো খবর হলো- আমার নাম ওই তালিকায় নেই।
নেতানিয়াহু বলেন, আপনি ভালো লোকদের তালিকায় আছেন। প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্রের বাহিনী যা করছে, তা অসাধারণ। আমরা তাদের পাশে দাঁড়িয়ে গর্বিত। তিনি আরও দাবি করেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্র এমন শক্তিগুলোর বিরুদ্ধে লড়ছে যারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় এবং তা ব্যবহার করতে চায়।
গত কয়েক দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতানিয়াহুর অনুপস্থিতি নিয়ে নানা প্রশ্ন উঠেছিল, বিশেষ করে ইরান-ইসরাইল সংঘাত তীব্র হওয়ার পর। গুজব আরও বাড়ে যখন একটি ভিডিওতে তাকে ছয় আঙুলসহ দেখা গেছে বলে দাবি করা হয়। এতে অনেকে ভিডিওটি বিকৃত বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বলে সন্দেহ প্রকাশ করেন। গুজব দ্রুত ছড়িয়ে পড়ে, বিশেষ করে ইরানের পাল্টা হামলার পর পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে।
নতুন ভিডিওর আগেও নেতানিয়াহু একবার এক্সে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি একটি ক্যাফেতে বসে কফি অর্ডার করতে করতে গুজব নিয়ে মজা করেন। তিনি বলেন, আমি ‘মরে গেছি’ কফির জন্য। তিনি আরও বলেন, আমি আমার জনগণের জন্য ‘মরছি’। তারা যেভাবে আচরণ করছে, তা অসাধারণ। ভিডিওতে তিনি নিজের দুই হাত ক্যামেরার সামনে তুলে ধরে আঙুল নাড়িয়ে বলেন, আপনারা কি আমার আঙুল গুনতে চান? এখানে দেখুন আর এখানে। দেখলেন? খুব ভালো!