সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়ার সামরিক ঘাঁটির কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী জানান, বুধবার (১৮ মার্চ) স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত অস্ট্রেলিয়ার আল মিনহাদ ঘাঁটির কাছে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। তিনি বলেন, ‘ক্ষেপণাস্ত্রের আঘাতে অস্ট্রেলিয়ার কেউ আহত হননি, সবাই নিরাপদ আছেন।’
তবে ক্ষেপণাস্ত্রটি ঘাঁটিমুখী একটি সড়কে আঘাত হানার ফলে সৃষ্ট আগুনের কারণে একটি আবাসিক ব্লক ও একটি চিকিৎসা স্থাপনায় সামান্য ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী।
এদিকে ইরানের পৃথক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের রাজধানী তেল আবিবে দুজন নিহত হয়েছেন। ইসরাইলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডমের (এমডিএ) বরাতে এ খবর দেয় সিএনএন।
খবরে জানানো হয়, ইরানের ছোড়া ক্লাস্টার ক্ষেপণাস্ত্র ইসরায়েলের রাজধানী তেল আবিবসহ নিকটবর্তী শহরে আঘাত হেনেছে। এতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়।
হামলায় ইসরায়েলের জেরুজালেম, রামাত গান, বেনি ব্রাকসহ মধ্য ইসরায়েলের ভেতরে ও আশপাশের সব স্থানেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
ক্লাস্টার ক্ষেপণাস্ত্রের একেকটিতে ২০টি ছোট বোমা থাকে। যখন মিসাইলগুলো নিচে নেমে আসে তখন এই বোমাগুলো ক্ষেপণাস্ত্রের ভেতর থেকে বেরিয়ে আসে। এগুলোর একেকটির ওজন প্রায় আড়াই কেজি। ফলে এসব বোমা যেখানে আঘাত হানে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি করতে পারে।
পরমাণু ইস্যুতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলাকালে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হঠাৎ যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিসহ দেশটির বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। এরপর প্রতিশোধ হিসেবে ইসরায়েলের ভূখণ্ডে ও মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে তেহরান। পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রও।