Image description

ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে একটি গোপন চিঠি পাঠিয়েছে হামাস। ওই চিঠিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি ইরানের প্রতি পূর্ণ সমর্থনের পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং উপসাগরীয় দেশগুলোর বর্তমান পরিস্থিতি নিয়ে উপহাস করেছে বলে দাবি করেছে ইসরায়েলের গণমাধ্যমগুলো।

ইসরায়েলি সংবাদমাধ্যম কান নিউজের বরাতে এক প্রতিবেদনের এ খবর জানিয়েছে দ্য জেরুজালেম পোস্ট। প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের দেওয়া প্রকাশ্য বিবৃতিতে একরকম তথ্য এবং গোপন চিঠিতে অন্য তথ্য।

শনিবার (১৪ মার্চ) হামাস জনসমক্ষে দেওয়া এক বিবৃতিতে ইরানকে প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর ওপর হামলা না চালানোর অনুরোধ জানিয়ে বলেছে, আন্তর্জাতিক নিয়ম ও আইন অনুযায়ী এই আগ্রাসনের জবাব দেওয়ার ইরানের অধিকারকে আমরা সমর্থন করি। তবে আমরা ইরানের ভাইদের অনুরোধ করছি, তারা যেন প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু না করে।

এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম বলছে, তারা একইদিনে ইরানের নেতা মোজতবা খামেনিকে একটি গোপন চিঠি পাঠিয়েছে। এতে দেখা গেছে সম্পূর্ণ বিপরীত চিত্র। ওই চিঠিতে হামাস কোনোভাবেই অস্ত্র সমর্পণ করবে না বলে ঘোষণা দিয়েছে। চিঠিতে বলা হয়েছে, হামাস আন্দোলন ‘জায়নবাদী-আমেরিকান’ অরাজকতার মুখে আপনার (মোজতবা খামেনির) বিজ্ঞ নেতৃত্বের পেছনে সমস্ত শক্তি নিয়ে দাঁড়িয়েছে।

 

ইরানকে উসকানি দিয়ে চিঠিতে আরও বলা হয়েছে, তারা যেন ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে তাদের ‘সবগুলো ফ্রন্ট’ একসঙ্গে সক্রিয় করে।

এছাড়াও চিঠিতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা আরব দেশগুলোকে ‘পরাজিত শক্তি’ বলে উপহাস করেছে হামাস। বিশেষ করে ইয়েমেনের মতো দেশগুলোতে অবস্থানরত মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার প্রসঙ্গ টেনে চিঠিতে বলা হয়েছে, এই দেশগুলো তাদের নিজেদের মাটিতে থাকা বন্ধুদের রক্ষা করার সাহসটুকুও দেখায়নি।

জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের নেতৃত্বে আগামীতে আরও বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছে হামাস। তারা লেবানন, ইয়েমেন ও ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে জোর সমর্থনের কথা জানিয়েছে। তবে ইসরায়েলি গণমাধ্যমগুলোর প্রতিবেদনে ওই চিঠির কোনো প্রতিলিপি উল্লেখ বা সংযোজন করা হয়নি।

গোপন চিঠির প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় হামাসের এ অবস্থানকে একটি ‘স্মোকিং গান’ বা অকাট্য প্রমাণ হিসেবে অভিহিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনিরা তাদের আরব ভাইদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, এটি প্রমাণিত।