Image description

জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহকে লক্ষ্য করে গুলি চালিয়েছে আততায়ীরা। তবে ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেছেন তিনি। বুধবার সন্ধ্যায় একটি বিয়ের অনুষ্ঠানে ন্যাশনাল কনফারেন্সের এই সভাপতিকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি চালানো হয়। এ খবর দিয়েছে এনডিটিভি।

এতে বলা হয়, ওই অনুষ্ঠানে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ছিলেন ফারুক। তাকে খুব কাছ থেকে নিশানা করা হয়। তবে নিরাপত্তার দায়িত্বে থাকা এক কমান্ডো আততায়ীকে ধাক্কা দিয়ে ফেলে দিলে প্রাণে বেঁচে যান বর্ষীয়ান এই নেতা।
ভারতীয় মিডিয়া বলছে, হামলাকারীর নাম কমল সিং জামওয়াল। গুলি চালানোর পররপরই তাকে আটক করা হয়েছে। গুলি চালানোর এক ভিডিয়োতে দেখা গেছে, আততায়ী কমল ফারুক আবদুল্লাহর মাত্র কয়েক পা পেছনে ছিলেন এবং তার হাত আবদুল্লাহর কাঁধ বরাবর তাক করা ছিল। তিনি গুলি ছুড়লেও ন্যাশনাল সিকিউরিটি গার্ডের কমান্ডোরা তাকে ধাক্কা দেন। ফলে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয় এবং আবদুল্লাহ অল্পের জন্য বেঁচে যান। আততায়ী জম্মুর পুরানা মান্ডির বাসিন্দা। তার বয়স ৬৫ বছর। তিনি মানসিকভাবে সুস্থ্য একজন ব্যক্তি। তার ভাষ্য, গত ২০ বছর ধরে তিনি এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিলেন।

হামলায় সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ অক্ষত থাকলেও তার সঙ্গে থাকা বর্তমান উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী আহত হয়েছেন বলে দুয়েকটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে। তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়েছে। কী কারণে রাজনৈতিক নেতাদের উপর হামলা চালাল, নেপথ্যে কারা তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখতে নেমেছে পুলিশ।