জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত তারিখেই অনুষ্ঠিত হবে। এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় দুই বিষয়ে ফেল করে সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়া শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবেন। তবে তাদের নির্ধারিত শর্ত পূরণ করতে হবে।
আজ বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে উপস্থিত সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছে। আগামীকাল বিশ্ববিদ্যালয় থেকে বিষয়টি নিয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সভায় উপস্থিত বিশ্ববিদ্যালয়ের দুই ডিনসহ একাধিক শিক্ষক দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, ইউনিটভিত্তিক শর্ত অনুযায়ী একজন শিক্ষার্থীর এসএসসি ও সমমানের পরীক্ষায় যদি জিপিএ ৩ বা ৩.৫ থাকে, তাহলে তাকে ভর্তি পরীক্ষার আবেদনের সুযোগ দেওয়া হবে। পরবর্তীতে যদি এইচএসসির সাপ্লিমেন্টারির ফলাফলে বাকি শর্ত পূরণ করে, তাহলে তিনি ভর্তি পরীক্ষায় বসতে পারবেন।
সাপ্লিমেন্টারির ফলাফলের শর্ত পূরণ না হলে আবেদন বিবেচিত হবে না জানিয়ে সূত্র আরও জানায়, নির্ধারিত ফি দিয়েই ফেল করা শিক্ষার্থীদের আবেদন করতে হবে। তবে পরবর্তীতে আবেদন বাতিল হলে ফি’র টাকা ফেরত পাবেন কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এটি অফেরতযোগ্য হতে পারে বলে একটি সূত্র জানিয়েছে।
একটি অনুষদের ডিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন. ‘এইচএসসিতে যাদের দুই বিষয়ে ফেল করেছেন, তারা যদি পাস করতে পারেন- তাহলে তাদের ভর্তি পরীক্ষায় বসার জন্য এ সুযোগটা রাখা হচ্ছে। যদি সে শর্ত অনুযায়ী জিপিএ অর্জন করতে পারে, তাহলে ভর্তির সুযোগ থাকবে। এসএসসিতে যাদের অলরেডি তিন বা সাড়ে তিন পাওয়া আছে, তারা এই সুযোগ পাচ্ছেন।’
আবেদনের পরে বাদ গেলে টাকা ফেরত দেয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, ‘আগের যে সিদ্ধান্ত ছিল, সেই তারিখেই ভর্তি পরীক্ষা হবে।’
পরবর্তীতে বিষয়টি নিশ্চিত করেছেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আরজুমন্দ আরা বানু। তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আগের ঘোষিত তারিখেই ভর্তি পরীক্ষা হবে। এইচএসসিতে দুই বিষয়ে ফেল করা পরীক্ষার্থীরাও শর্ত সাপেক্ষে আবেদনের সুযোগ পাবে। আগামীকাল বিশ্ববিদ্যালয় থেকে বিষয়টি নিয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে।’
এর আগে ভর্তি পরীক্ষা নিয়ে সকাল পৌনে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে সভা শুরু হয়। এতে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, বিভিন্ন অনুষদের ডিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আগের ঘোষিত সময়সূচি অনুযায়ী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন আগামী ১৫ নভেম্বর দুপুর ১২টা থেকে অনলাইনে শুরু হবে। আবেদন করা যাবে ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। পাঁচটি ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা শুরু হবে আগামী বছরের ১ জানুয়ারি থেকে।
২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পাঁচটি ইউনিটে অনুষ্ঠিত হবে। বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ইউনিট-এ, কলা ও আইন অনুষদভুক্ত ইউনিট-বি, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ইউনিট-সি, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ইউনিট-ডি এবং চারুকলা অনুষদভুক্ত ইউনিট-ই-এর মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। সব ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে।
ইউনিট-এ-এর পরীক্ষা হবে আগামী বছরের ১ জানুয়ারি (শুক্রবার)। ইউনিট-ই-এর পরীক্ষা হবে ৮ জানুয়ারি (শুক্রবার)। ইউনিট-বি-এর পরীক্ষা হবে ১৫ জানুয়ারি (শুক্রবার)। ইউনিট-সি-এর পরীক্ষা হবে ২২ জানুয়ারি (শুক্রবার)। সর্বশেষ ইউনিট-সি-এর পরীক্ষা হবে ২৩ জানুয়ারি (শনিবার)।