২০২৬ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর মাগুরায় দুই শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে মাগুরা সদর উপজেলার আমুড়িয়া ও নতুনগ্রাম এলাকায় পৃথক এ ঘটনা ঘটে। একই দিন সাতক্ষীরার তালা উপজেলায়ও এইচএসসিতে অকৃতকার্য হওয়ার পর হৃদয় সরদার (১৯) নামে আরও এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসব ঘটনায় সংশ্লিষ্ট পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মাগুরায় মারা যাওয়া দুই শিক্ষার্থী হলেন বাপ্পি হোসাইন ও অনন্যা শিকদার। বাপ্পি সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের আমুড়িয়া গ্রামের শফিকুল বিশ্বাসের ছেলে। তিনি এ বছর শালিখা উপজেলার বুনাগাতি ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর শনিবার দুপুর ১২টার পর নিজ বাড়িতে তার মৃত্যু হয়। পরিবারের সদস্যরা তাকে ঘরের মধ্যে অচেতন অবস্থায় দেখতে পান। পরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়।
অন্যদিকে, অনন্যা শিকদার মাগুরা সদর উপজেলার নতুনগ্রাম এলাকার অনিল শিকদারের মেয়ে। তিনি কুচিয়ামোড়া সৈয়দ আতর আলী স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
স্থানীয় সূত্র জানায়, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পরীক্ষার ফল জানার পর অনন্যা নিজ কক্ষে চলে যান। পরে পরিবারের সদস্যরা তাকে কক্ষের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। প্রাথমিকভাবে পরীক্ষায় অকৃতকার্য হওয়ার হতাশা থেকে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ জানান, দুই শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছেন তারা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে, সাতক্ষীরার তালা উপজেলায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর হৃদয় সরদার (১৯) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার ধানদিয়া ইউনিয়নের দক্ষিণ সারসা গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
হৃদয় দক্ষিণ সারসা গ্রামের রইচউদ্দীন সরদারের ছেলে। তিনিও এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর তার মৃত্যুর ঘটনা ঘটে।