আলিম পরীক্ষা ২০২৬-এর ফলাফলে মাদরাসা শিক্ষা বোর্ডের ফলাফলে দেশসেরা সাফল্য অর্জন করেছে গাজীপুরের টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা। প্রতিষ্ঠানটির প্রকাশিত ফলাফলে ১ হাজার ৪০৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৪০৩ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯৯ দশমিক ৭২ শতাংশ।
প্রতিষ্ঠানটির ফলাফল অনুযায়ী, এ বছর আলিম পরীক্ষায় বিজ্ঞান ও সাধারণ দুই শাখা মিলিয়ে ৪৬৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে বিজ্ঞান শাখায় ২৩২ জন এবং সাধারণ শাখায় ২৩২ জন জিপিএ-৫ অর্জন করেছে। এ ছাড়া ৭৬১ জন (এ) গ্রেড, ১৩১ জন (এ-)মাইনাস, ৩৭ জন (বি) এবং ১০ জন (সি) গ্রেড পেয়েছে। অকৃতকার্য হয়েছে চারজন।
এবারের ফলাফলে জিপিএ-৫-এর সংখ্যা আগের বছরের তুলনায় কমেছে। তবে মাদরাসা শিক্ষা বোর্ডের সামগ্রিক ফলাফলে পাসের হার উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার মধ্যেও তা’মীরুল মিল্লাতের প্রায় শতভাগ পাসের হার প্রতিষ্ঠানটির ফলাফলের অন্যতম আলোচিত দিক।
এব্যাপারে টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. হিফজুর রহমান বলেন, এবারের ফলাফলে জিপিএ-৫-এর সংখ্যা কিছুটা কমেছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। তবে সামগ্রিক ফলাফলে ৯৯ দশমিক ৭২ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, যা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। মাদ্রাসা শিক্ষা বোর্ডের সামগ্রিক পাসের হার ৬১ শতাংশের কিছু বেশি হলেও আমাদের শিক্ষার্থীদের পাসের হার প্রায় শতভাগ। এটি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল।
তিনি আরও বলেন, আমরা শুধু জিপিএ-৫-এর সংখ্যা দিয়ে প্রতিষ্ঠানের সাফল্য মূল্যায়ন করতে চাই না। শিক্ষার্থীদের সামগ্রিক ফলাফল, নিয়মিত পাঠদান এবং উচ্চশিক্ষার জন্য তাদের প্রস্তুত করাকে আমরা বেশি গুরুত্ব দিই।