Image description

চলতি বছর ১১টি বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ শনিবার প্রকাশিত হয়েছে। এতে পাসের হার ৫২ দশমিক ১২। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। সবচেয়ে বেশি পাসের হার ঢাকায় এবং তলানীতে বরিশাল বোর্ড। বিশ্লেষণে দেখা যায়, প্রকাশিত ফলাফলে কুমিল্লা ও বরিশাল— এই দুই বোর্ডের ৮০৬ শিক্ষা প্রতিষ্ঠান মিলে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ২৬৩ জন শিক্ষার্থী; যা রাজধানীর নটর ডেম কলেজ থেকে জিপিএ ৫-এর সমান। কলেজটির বিজ্ঞান-মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে মোট জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ২২৯ জন শিক্ষার্থী; সংখ্যাটি প্রায় এই দুই শিক্ষা বোর্ডের কাছাকাছি।

আজ শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানে প্রকাশিত ফলাফলে এসব তথ্য ‍জানা যায়। ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, কুমিল্লা বোর্ডের মোট ৪৫৬ টি প্রতিষ্ঠান থেকে ৯২ হাজার ১৬২ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৪৪ হাজার ৭২৭ জন। পাশের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ। এতে পুরো বোর্ডে জিপিএ-৫ পেয়েছে মাত্র ১ হাজার ৩১৩ জন। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ৫৫ হাজার ৪৩৪ জন মেয়ে এবং ৩৬ হাজার ৭২৮ জন ছেলে। উত্তীর্ণদের মধ্যে মেয়ে ২৮ হাজার ৪১৫ জন এবং ছেলে ১৫ হাজার ৮৫৭ জন। এতে ছেলেদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৯২ জন এবং মেয়েদের মধ্যে ৮২১ জন।

এছাড়া বরিশাল বিভাগের ছয় জেলার ৩৫০টি কলেজ থেকে মোট ৫৭ হাজার ৯১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ছাত্র ২৬ হাজার ৭৫৫ জন এবং ছাত্রী ৩১ হাজার ১৫৭ জন। পাস করেছেন ২৫ হাজার ৯৭০ জন। পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ। এতে জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ জন শিক্ষার্থী। এতে ছেলেদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৪৩ জন এবং মেয়েদের মধ্যে ৬০৭ জন।

অন্যদিকে এবছর নটরডেম কলেজ থেকে ৩ হাজার ২৭২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ২১৮ জন। পাসের হার ৯৮ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ২২৯ জন শিক্ষার্থী। 

কলেজটির এইচএসসি পরীক্ষার বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছেন শিক্ষার্থীরা। এ বিভাগে ২ হাজার ১২২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২ হাজার ৯৭ জন। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৮০৭ জন। ফেল করেছেন ২৫ জন।

ব্যবসায় শিক্ষা বিভাগে ৭৪১ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭৩৪ জন। অকৃতকার্য হয়েছেন ৭ জন। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ৩৩৩ জন। অন্যদিকে, মানবিক বিভাগে ৪০২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩৮০ জন। ফেল করেছেন ২২ জন। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ৮৯ জন শিক্ষার্থী।

প্রসঙ্গত, এবার এইচএসসি পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৬ লাখ ৭ হাজার ৬৪৯ ও ছাত্রী রয়েছেন ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জন। সারাদেশে ২ হাজার ৬৯১টি কেন্দ্রে এ পরীক্ষা হয়।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ২ জুলাই থেকে শুরু হয়ে শেষ হয় ৮ আগস্ট। তবে বন্যার কারণে পেছানো হয় চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা। পরে গত ৯ সেপ্টেম্বর এ পরীক্ষা শেষ হয়।