Image description

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের নামে জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা বন্ধ না হলে সরকারকে চূড়ান্তভাবে ‘লাল কার্ড’ দেখাবে জনগণ ।

তিনি বলেন, কার্ডের নামে ভেলকিবাজি করে জনগণের অধিকার হরণের চেষ্টা করা হলে মানুষ তা মেনে নেবে না। জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং গণরায়ের মর্যাদা রক্ষায় চলমান আন্দোলন আরো জোরদার করতে হবে।

 

শনিবার সকালে ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

 

মামুনুল হক বলেন, দেশের মানুষের অধিকার আদায়, শতকরা ৭০ ভাগ মানুষের ভোটাধিকার নিশ্চিত করা এবং জনগণের দেওয়া রায়ের সম্মান ও মর্যাদা রক্ষার জন্য ১১ দলীয় ঐক্য আন্দোলনে নেমেছে। এ আন্দোলনে জনগণ যেভাবে সংহতি জানিয়েছে, আগামী দিনেও একইভাবে পাশে থাকার আহ্বান জানান তিনি।

 

আন্দোলন আরো বেগবান করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী দিনে যদি আপনাদের ঢাকার রাজপথে এক দফা আদায়ের জন্য জমায়েত হওয়ার ডাক দেওয়া হয়, আপনারা ঢাকায় যাওয়ার জন্য প্রস্তুত থাকবেন।

 

সরকারের বিভিন্ন কার্ড কর্মসূচির সমালোচনা করে মামুনুল হক বলেন, আমরা এই কার্ডের সরকারকে বলে দিতে চাই, শুধুমাত্র ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের ভেলকিবাজির মাধ্যমে জনতার অধিকার নিয়ে ছিনিমিনি খেলার পাঁয়তারা যদি বন্ধ না করা হয়, তবে জনগণ চূড়ান্তভাবে তোমাদের লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত আছে।

 

তিনি আরো বলেন, আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে প্রস্তুত থাকতে হবে। সময়মতো পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সারা দেশের জনগণকে সঙ্গে নিয়েই আগামীর বাংলাদেশ বিনির্মাণ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

 

পথসভায় আরো বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা।