Image description

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামীকাল ৩১ অক্টোবর প্রকাশ করা হবে। তবে ফল প্রকাশ অনুষ্ঠানের স্থান পরিবর্তন করা হয়েছে। আগে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠানটি আয়োজনের কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩১ অক্টোবর সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে ফল ঘোষণা করা হবে। আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার পর শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, অনলাইন ও এসএমএসের মাধ্যমে এইচএসসি পরীক্ষার ফল জানতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd-এর মাধ্যমে ফল জানতে পারবেন। এ ছাড়া সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফল সংগ্রহ করা যাবে।

এসএমএসে যেভাবে ফল জানা যাবে
মোবাইল ফোন থেকে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠিয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল জানা যাবে। এ জন্য মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে: HSC Space রোল Space পরীক্ষার বছর লিখে মেসেজটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।

ফল পুনর্নিরীক্ষণের আবেদন
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ফল পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত। আবেদনপ্রক্রিয়া ও সংশ্লিষ্ট নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।