Image description

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এ. এফ. রহমান হল সংসদের জিএস ও শাখা ছাত্রদলের দক্ষতা উন্নয়নবিষয়ক সম্পাদক তামিম চৌধুরীর বিরুদ্ধে হলের ক্যান্টিনে খাবার খেয়ে বিল পরিশোধ না করার অভিযোগ উঠেছে।

ক্যান্টিন কর্তৃপক্ষের দাবি, তিনি ক্যান্টিনে খাবার খাওয়ার পর নিয়মিতই বিল পরিশোধ না করে চলে যান। বিল চাইলে ক্যান্টিন বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। তবে তামিম চৌধুরীর দাবি, তিনি খাবারের টাকা দিতে চাইলেও ক্যান্টিন কর্তৃপক্ষ তার থেকে টাকা নেয় না।

ক্যান্টিন কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, অভিযুক্ত হল সংসদ নেতা ক্যান্টিনে খাবার খাওয়ার পর প্রতিবারই টাকা পরিশোধ না করে চলে যান। পরে খাবারের টাকা চাইলে তিনি ক্যান্টিন বন্ধ করে দেওয়ার হুমকি দেন বলেও দাবি তাদের।

ক্যান্টিন কর্তৃপক্ষের অভিযোগ, হল সংসদের নেতা ও তার রাজনৈতিক সংগঠন ক্ষমতায় থাকার কারণে তিনি এমন আচরণ করছেন। তবে হল সংসদ নেতার দাবি, তিনি টাকা দিতে চাইলেও ক্যান্টিনের মালিক তার কাছ থেকে টাকা নেন না। হল সংসদের জিএস হওয়ায় তাকে সম্মান দেখিয়ে ক্যান্টিন কর্তৃপক্ষ টাকা নিতে চায় না বলে ধারণা তার।

ক্যান্টিন কর্তৃপক্ষ বলেন, জিএস হওয়ার পর থেকে ক্যান্টিনে খাওয়ার পর টাকা দেয়নি। বাকি থাকার বিষয়টা এমন না। অনেকের বাকি রয়েছে। কিন্তু তিনি খেয়ে কোনো কথা না বলে টাকা না দিয়ে চলে যান। যখনই আসেন, খেয়ে টাকা না দিয়ে চলে যান। টাকা চাইলে বলেন, কোনো অপরাধ পেলে দোকান একেবারে বন্ধ করে দেব।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তামিম চৌধুরী। তিনি বলেন, আমি টাকা দিতে চাইলে ওনারা নিতে চান না। আমি হল সংসদের অন্যদেরও বিষয়টি বলেছি। আমি ক্যান্টিনে তেমন যাই না। হল সংসদের জিএস হিসেবে সম্মান দেখিয়ে হয়তো আমার কাছ থেকে টাকা নিতে চায় না।

এ বিষয়ে এ.এফ. রহমান হল সংসদের ভিপি শাহরিয়ার আহমেদ সোহাগ বলেন, ‘বিষয়টি এখন জানতে পারলাম। যদি তথ্যটি সঠিক হয় তাহলে চাকসুর মেয়াদ শেষ হওয়ার আগে আমরা জিএসকে শোকজ করতে পারি।’

এ.এফ. রহমান হলের প্রভোস্ট ও সংসদের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলম চৌধুরী বলেন, ‘আমাদের কাছে এ বিষয়ে কেউ লিখিত বা মৌখিক অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আমরা ব্যবস্থা গ্রহণ করব।’

কালবেলা