ঢাকা মহানগরীর সব জায়গায় হকারদের বসতে দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
তিনি বলেন, “আইন অমান্য করে পুনরায় কোনো দোকানপাট গড়ে তোলা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ”
সোমবার (৫ অক্টোবর) দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক সেগুনবাগিচায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের ফুটপাত উচ্ছেদ, দখলমুক্তকরণে অভিযান পরিচালনা ও পরবর্তী সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, “ঢাকাকে বাসযোগ্য করে গড়ে তুলতে সরকার কাজ করছে।
তাই উচ্ছেদ হওয়ার পর আবার সড়ক দখলের পাঁয়তারা করলে মালামাল ক্রোক, জব্দ করা হবে, পাশাপাশি মামলা হবে সিটি করপোরেশনের পক্ষ থেকেও। ”
ডিএসসিসি প্রশাসক বলেন, “রাজধানীর সড়ক ও ফুটপাত দখল করে কোনো হকারকে বসতে দেওয়া হবে না। হকারদের জন্য নির্ধারিত বিকল্প স্থান রয়েছে, তাদের সেখানেই ব্যবসা করতে হবে। উচ্ছেদের পর কেউ পুনরায় নিষিদ্ধ স্থানে বসলে মালামাল ক্রোকসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, “আমরা কাউকে উচ্ছেদ করতে চাই না, কিংবা গরিব হকারদের পুঁজির ক্ষতি হোক-সেটাও আমাদের কাম্য নয়। এজন্যই তাদের বিকল্প জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে। পীর ইয়ামেনী মাজার এলাকায় শুক্রবার ও শনিবার ‘হলিডে মার্কেট’-এর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া অন্যান্য দিন আইডিয়াল স্কুলের বিপরীত পাশের সড়কের ফুটপাতে হকারদের বসার সুযোগ দেওয়া হয়েছে।
হকার সংগঠনের নেতাদের সঙ্গে একাধিক আলোচনার মাধ্যমে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোথাও মূল রাস্তা বন্ধ করে বা অনুমতি ছাড়া অন্য কোনো ফুটপাতে হকার বসানো যাবে না। ”
তিনি জানান, সুন্দর, আধুনিক নগর গড়ে তুলতে যা যা করা দরকার তা করবে সিটি করপোরেশন। আর এবিষয়ে নানাবিধ উদ্যোগও হাতে রয়েছে।
শীর্ষনিউজ