শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ১ম সেমিস্টারেরর নবীনবরণ অনুষ্ঠানকে দলীয় কর্মসূচিতে পরিণত করার অভিযোগ তুলে হট্টগোল করেছে ছাত্রশিবির ও ছাত্রশক্তির নেতাকর্মীরা। অনুষ্ঠানে উপস্থিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সামনেই হট্টগোল শুরু করেন তারা।
আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে ঘটে এই ঘটনা। ছাত্রশিবির ও ছাত্রশক্তির নেতাকর্মীরা প্রশ্ন তুলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে ছাত্রদল কেন মঞ্চে উঠবে?’
নবীনবরন অনুষ্ঠান শুরুর একপর্যায়ে ছাত্রশিবির ও ছাত্রশক্তির সদস্যরা দাঁড়িয়ে প্রতিবাদ শুরু করেন। তারা অভিযোগ করেন, নবীন শিক্ষার্থীদের জন্য আয়োজিত অনুষ্ঠানকে নির্দিষ্ট একটি ছাত্রসংগঠনের উপস্থিতির মাধ্যমে দলীয় রূপ দেওয়া হয়েছে। যা বিশ্ববিদ্যালয়ের নিরপেক্ষ পরিবেশের সঙ্গে সাংঘর্ষিক।
ছাত্রশিবির ও ছাত্রশক্তির নেতাকর্মীরা হট্টগোল শুরু করলে মিলনায়তনের ভেতরে কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে ছাত্রশিবির ও ছাত্রশক্তির নেতাকর্মীরা ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দিতে দিতে অডিটোরিয়াম ত্যাগ করেন।
ঘটনার সময় মিলনায়তনে উপস্থিত অন্যান্য অতিথি ও শিক্ষার্থীদের মধ্যে সাময়িক বিশৃঙ্খলা দেখা দিলেও পরে অনুষ্ঠান পুনরায় স্বাভাবিকভাবে চলতে থাকে।