চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হচ্ছে না। একইসঙ্গে কবে প্রকাশ করা হবে তাও এখনো ঠিক হয়নি। তবে চলতি জুলাইয়ের মধ্যেই ফল প্রকাশের জোরালো সম্ভাবনা রয়েছে।
আজ শনিবার সকালে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান এসব কথা বলেছেন। তিনি আগামীয় সময়কে জানান, শিক্ষামন্ত্রী ২০ জুলাই ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করেছিলেন। সে অনুযায়ী শিক্ষা বোর্ডগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছিল। বোর্ডও প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছিল। তবে আমরা ফলাফল প্রকাশের সর্বশেষ স্তরে আছি। আরো কিছুদিন লাগতে পারে।
আক্তারুজ্জামান জানান, খাতায় নম্বরপত্র নেওয়া এবং সেই নম্বর সার্ভারে ইনপুট দেওয়ার কাজ শেষ। এখন ফলাফল তৈরির সবশেষ কাজ চলছে। এজন্য ফল প্রকাশে আরও কয়েকদিন সময় লাগবে। তবে খুব বেশি দেরি হবে না।
এর আগে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন আগামী ২০ জুলাইয়ের মধ্যে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কথা জানিয়েছিলেন। গত ১৫ জুন এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান যে, চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলও পরীক্ষা শেষের দুই মাসের মধ্যে প্রকাশ করা হবে।