Image description

বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের ৪ মাসের কাছাকাছি সময়ের মধ্যে দেশের সরকারি উচ্চশিক্ষালয়গুলোর শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এসেছে। প্রায় দুই দশক পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গত ১৭ ফেব্রুয়ারি সরকার গঠনের পর ৯ মার্চ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) প্রথমবারের মতো নতুন ভিসি নিয়োগ দেয় সরকার। এরপর কয়েক দফায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দেওয়া হয়েছে।

গত ১৪ মে একযোগে সবচেয়ে বেশি ১১টি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দেওয়া হয়েছিল। সর্বশেষ গতকাল রবিবার (৮ জুন) তিনটি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। তথ্যমতে, ৮ জুন পর্যন্ত গত ৯০ দিনে ৩০টি বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে নতুন মুখ এসেছে। বাকি ২৯টির মধ্যে আরও কিছু বিশ্ববিদ্যালয়ে শীর্ষ পদে শিগগিরই পরিবর্তন আসছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নির্বাচনী ইশতেহারে বিএনপির শিক্ষানীতি বাস্তবায়নে নিজেদের অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে এসব ভিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উচ্চশিক্ষার তদারক সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সর্বশেষ তথ্য বলছে, বর্তমানে দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫৯টি। এরমধ্যে স্বায়ত্তশাসিত, প্রকৌশল, সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি, মেডিকেল, কৃষি এবং বিশেষায়িত—এই সাত ক্যাটাগরির বিশ্ববিদ্যালয় রয়েছে। 

প্রাপ্ত তথ্যমতে, গত ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠনের এক মাসের মাথায় এসে ১৬ মার্চ একযোগে ৮টি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ দেয় সরকার। এরপর আলাদাভাবে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দেওয়া হয়েছিল। যদিও বিএনপি সরকার গঠনের পর ৯ মার্চ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) প্রথম নতুন ভিসি নিয়োগ দিলেও তিনি ৬ এপ্রিল বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। তবে একযোগে সবচেয়ে ভিসি নিয়োগ দেওয়া হয়েছিল গত ১৪ মে। সেদিন ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ দেওয়া হয়েছিল।

প্রথম দফায় একযোগে ৮ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি
গত ১৬ মার্চ প্রথম দফায় একযোগে বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগের কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ওইদিন শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন ভিসিদের নামও ঘোষণা করেন তিনি। নতুন নিয়োগ পাওয়া ভিসিদের মধ্যে ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, তিনি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের স্থলাভিষিক্ত হয়েছিলেন। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান, তিনি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছিলেন।

গত ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠনের এক মাসের মাথায় এসে ১৬ মার্চ একযোগে ৮টি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ দেয় সরকার। এরপর আলাদাভাবে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দেওয়া হয়েছিল। যদিও বিএনপি সরকার গঠনের পর ৯ মার্চ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) প্রথম নতুন ভিসি নিয়োগ দিলেও তিনি ৬ এপ্রিল বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। তবে একযোগে সবচেয়ে ভিসি নিয়োগ দেওয়া হয়েছিল গত ১৪ মে। সেদিন ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ দেওয়া হয়েছিল।

অধ্যাপক ড. মো. নুরুল ইসলামকে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দেওয়া হয়েছিল, তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. এ এস মো. আবদুল হাছিবের স্থলাভিষিক্ত হয়েছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম, তিনি অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীবে স্থলাভিষিক্ত হয়েছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. মো. আল ফোরকান, তিনি অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতারের স্থলাভিষিক্ত হয়েছিলেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. রইছ উদ্দিন, তিনি অধ্যাপক ড. মো. রেজাউল করিমের স্থলাভিষিক্ত হয়েছিলেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ, তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালীর স্থলাভিষিক্ত হয়েছিলেন। আর ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান, তিনি অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আলমের স্থলাভিষিক্ত হয়েছিলেন।

তিন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি
দেশে ৫টি মেডিকেল বিশ্ববিদ্যালয় রয়েছে। এরমধ্যে তিনটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি নিয়োগ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ৯ মার্চ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নতুন ভিসি হিসেবে অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীকে নিয়োগ দেওয়া হয়েছে। এরপর ১৩ এপ্রিল খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি অধ্যাপক রফিকুস সালেহীন ও ২৭ এপ্রিল সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছিলেন অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী।

বিভিন্ন সময়ে ৫ ভিসি নিয়োগ
বিভিন্ন সময়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় (প্রথম ভিসি), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (প্রথম ভিসি) ও মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সময় নতুন ভিসি নিয়োগ দেয় শিক্ষা মন্ত্রণালয়।

এরমধ্যে গত ১৩ এপ্রিল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়য়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ইয়ারুল কবীর, ৬ মে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ইস্রাফীল শাহীন, ২৩ মে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম এবং সর্বশেষ ৭ জুন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন ও লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ (মুরাদ)।

১৪ মে সবচেয়ে বেশি ১১টি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ
গত ১৪ মে সবচেয়ে বেশি ১১টি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দেয় সরকার। ওইদিন বরিশাল বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর (ডুয়েট), জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ দেওয়া হয়েছিল।

একইদিন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ দিয়েছিল। তবে কয়েক ঘণ্টার ব্যবধানে এই নিয়োগ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়।

সর্বশেষ ৩ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ 
সর্বশেষ গত সোমবার (৮ জুন) দেশের চার পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়োগ দিয়েছে সরকার। বিশ্ববিদ্যালয়গুলো হলো—পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির কৃষি অনুষদের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক এসএম হেমায়েত জাহান। এর আগে তিনি একই বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বর্তমান উপাচার্য অধ্যাপক কাজী রফিকুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নিজ মূল পদে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার। একই সঙ্গে বিদায়ী উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক মো. শহিদুল ইসলামকে অব্যাহতি দিয়ে নিজ কর্মস্থলে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক তাহমিনা আখতার। বর্তমান উপাচার্য অধ্যাপক এসএম হাসান তালুকদারকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নিজ মূল পদে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

২৯ বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়োগ হয়নি
দেশের ২৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুনভাবে ভিসি নিয়োগ দেওয়া হয়নি। এরমধ্যে রয়েছে-রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ (সাবেক ডিজিটাল বিশ্ববিদ্যালয়), খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স), চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু), নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, মেরিটাইম বিশ্ববিদ্যালয়, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-বাকৃবি, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়-শেকৃবি, জাতীয় বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, নওগা বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, চুয়েট, রুয়েট, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিউপি), রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়।

এরমধ্যে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিউপি) গত ৪ মে দ্বিতীয় মেয়াদে মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলমকে ভিসি নিয়োগ দিয়েছে সরকার। ২০২৫ সালের ৫ এপ্রিল থেকে ভূতাপেক্ষভাবে আগামী তিন বছরের জন্য তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল শিক্ষা মন্ত্রণালয়।

ভিসি নিয়োগে আয়নাবাজি
দুজনের নামেই আমির। একজন মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া, আরেকজন মো. আমির হোসেন। প্রথমজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তো পরেরজন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের। গত ১৪ মে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া। সে হিসেবে ১৬ মে বিশ্ববিদ্যালয়টিতে যোগদানও করেন তিনি। তবে যোগদানের ২৩ দিন পর তিনি জানলেন, প্রজ্ঞাপনে উল্লিখিত ব্যক্তিটি তিনি নন, তার নিয়োগটি ‘ভুল’।

আর এ কারণেই গত ৬ জুন শিক্ষা মন্ত্রণালয় থেকে কৃষি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের মো. আমির হোসেনকে তার স্থলে নিয়োগ দেওয়া হয়েছে। পুরো ঘটনাটি যেন বাস্তব জীবনের ‘আয়নাবাজি’; যেখানে এক ব্যক্তির স্থানে আরেক ব্যক্তি নিয়োগ পেয়ে দায়িত্বও পালন করেছেন, অথচ ভুলটি ধরা পড়তে লেগেছে প্রায় তিন সপ্তাহ।

বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি নিয়োগ নিয়ে গত সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, কাকে নিয়োগ দেবে সেটা তো সরকারের একান্ত বিষয়। তবে আমরা সব কিছু দেখেই বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি নিয়োগ দিয়েছি। তিনি আরও বলেন, বিএনপি নিউলি ইলেক্টেড গভর্নমেন্ট। তারা জানে কীভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা পরিচালনা করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মামুন চৌধুরী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, নির্বাচনী ইশতেহারে বিএনপির শিক্ষানীতি বাস্তবায়নে নতুন ভিসিরা কাজ করে যাবেন। পাশাপাশি দেশের শিক্ষার ইতিবাচক পরিবর্তনে নিবিড়ভাবে কাজ করতে পারবেন। সেটা নিশ্চয় দেশের শিক্ষা ও শিক্ষার্থীদের ভালো কিছু বয়ে নিয়ে আসবে। আশা করি, নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতায় সকলকে নিয়ে এগিয়ে যাবেন।