কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন শুধু প্রযুক্তি খাতেই নয়, বিশ্বজুড়ে শিক্ষা ও গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। ভবিষ্যতের এই প্রযুক্তিনির্ভর খাতে দক্ষতা অর্জনের সুযোগ দিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি ঘোষণা করেছে পাকিস্তানের কমস্যাটস বিশ্ববিদ্যালয়। ওআইসি সদস্যভুক্ত দেশের শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়টি ২৫টি স্কলারশিপ দেবে, যেখানে বাংলাদেশের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
এই বৃত্তির আওতায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস বিষয়ে মাস্টার্স অব সায়েন্স (এমএস) এবং পিএইচডি করার সুযোগ মিলবে। নির্বাচিত শিক্ষার্থীদের টিউশন ফি দিতে হবে না। প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য এটি হতে পারে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের দক্ষতা বাড়ানোর বড় সুযোগ। পাকিস্তানের ইসলামাবাদভিত্তিক কমস্যাটস বিশ্ববিদ্যালয় দেশটির একটি ফেডারেল চার্টার্ড পাবলিক বিশ্ববিদ্যালয়। ১৯৯৮ সালে ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি হিসেবে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি বর্তমানে প্রযুক্তি ও গবেষণাভিত্তিক শিক্ষার জন্য পরিচিত।
মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে হলে প্রার্থীর কমপক্ষে ১৬ বছরের শিক্ষাজীবন সম্পন্ন হতে হবে। একাডেমিক ফলাফলে ন্যূনতম সিজিপিএ ২.৫ থাকতে হবে, অথবা ৫৫ শতাংশ নম্বর অর্জন করতে হবে। অন্যদিকে পিএইচডি প্রোগ্রামের জন্য প্রয়োজন হবে ১৮ বছরের একাডেমিক ব্যাকগ্রাউন্ড। এক্ষেত্রে ন্যূনতম সিজিপিএ ৩.০ অথবা ৬০ শতাংশ নম্বর থাকতে হবে।
আবেদন যেভাবে: বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন হবে। আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদনের শেষ সময়: আগ্রহী শিক্ষার্থীদের আগামী ৩১ মে ২০২৬–এর মধ্যে আবেদন করতে হবে।