Image description

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের বহুল আলোচিত ‘গেস্টরুম’ ও ‘গণরুম’ সংস্কৃতির বিরুদ্ধে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রদল।

আজ সোমবার (৪ মে) শিক্ষার্থীদের সচেতন করতে এই উদ্যোগ নেওয়া হয়।

সম্প্রতি হলের কয়েকজন শিক্ষার্থী নিজেদের ওপর চালানো গেস্টরুম নির্যাতনের বিভিন্ন প্রমাণ প্রকাশ করলে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এরই ধারাবাহিকতায় বিশেষ করে নবীন শিক্ষার্থীদের সতর্ক করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচিতে গেস্টরুম-সংক্রান্ত বিভিন্ন প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়, যেখানে শিক্ষার্থীদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন এবং অমানবিক পরিবেশের চিত্র তুলে ধরা হয়। আয়োজকদের ভাষ্য, প্রথম বর্ষের শিক্ষার্থীরাই সাধারণত এসব অপসংস্কৃতির সবচেয়ে বেশি শিকার হন। তাই তাঁদের শুরু থেকেই সচেতন করে তোলাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

হল ছাত্রদলের আহ্বায়ক হাসিবুর রহমান আসিফ বলেন, দীর্ঘদিন ধরে গেস্টরুম ও গণরুম সংস্কৃতি শিক্ষাঙ্গনে এক ধরনের আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করে একটি ভীতিকর পরিবেশ তৈরি করা হয়েছে। তিনি অভিযোগ করেন, অতীতে একটি নির্দিষ্ট ছাত্রসংগঠনের ছত্রছায়ায় থেকে কিছু ব্যক্তি এসব নির্যাতনের সঙ্গে জড়িত ছিল এবং তাঁরা এখনো ভিন্ন পরিচয়ে সক্রিয় রয়েছেন। এসব বিষয়ে নতুন শিক্ষার্থীদের সতর্ক করতেই পূর্বের ঘটনার তথ্য তুলে ধরা হয়েছে।

তিনি আরও জানান, গেস্টরুম ও গণরুম নির্যাতনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানানো হবে। আসিফ বলেন, বিশ্ববিদ্যালয় হওয়া উচিত জ্ঞানচর্চা, মানবিক মূল্যবোধ ও নিরাপদ সহাবস্থানের জায়গা। সেই পরিবেশ নিশ্চিত করতেই তাঁদের এই প্রচেষ্টা। ভবিষ্যতে ক্যাম্পাসে যেন আর কখনো এই ধরনের সংস্কৃতি ফিরে না আসে—এটাই তাঁদের অঙ্গীকার।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন হল ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামসুল হক আনান, সদস্য সচিব শাহরিয়ার লিওন এবং যুগ্ম আহ্বায়ক ওমর আব্দুল্লাহ চৌধুরী জিন্নাহসহ সংগঠনের অন্য নেতাকর্মীরা।