ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীদের অশালীন ইঙ্গিত এবং ইভটিজিংয়ের দায়ে এক যুবকটে পুলিশে দিয়েছে কর্তৃপক্ষ। এর আগে শিক্ষার্থীরা তাকে আটক করে গণপিটুনি ও জুতাপেটা করেন। আজ রবিবার (২৬ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আলী মোহাম্মদ কাওসার দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। ঘটনার পর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, গাড়িতে বসা এক যুবককে ঘিরে রেখেছেন শিক্ষার্থীরা। এক ছাত্রী তাকে জুতা দিয়ে পেটাচ্ছেন।
সহকারী প্রক্টর আলী মোহাম্মদ কাওসার বলেন, ‘ওই যুবক বিশ্ববিদ্যালয়ের কেউ না বলে মনে হচ্ছে, বহিরাগত হতে পারে। তাকে শিক্ষার্থীরা আটক করে গণপিটুনি দিচ্ছিল। পরে আমরা অনেক কষ্টে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিয়েছি।’
তিনি বলেন, ‘সে ছাত্রীদের দেখে এমন কিছু ইঙ্গিত দিচ্ছিল, যা ভাষায় প্রকাশ করা যাবে না। সে ইভটিজিংও করছিল। শিক্ষার্থীদের ক্ষোভ থেকে তাকে রক্ষা করায় কঠিন হয়ে পড়ে। তাকে পুলিশে দেওয়া হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’