জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২২ সালের প্রিলিমিনারি (মাস্টার্স) পরীক্ষায় নকল করার অভিযোগে কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ২৫ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়েছে। সারাদেশের ২৫টি প্রতিষ্ঠানের মোট ৮৩ জন শিক্ষার্থীকে এ শাস্তি প্রদান করে বিশ্ববিদ্যালয়। এর মধ্যে ২৫ জনই কলেজটির শিক্ষার্থী। বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শৃঙ্খলা কমিটির এক সভায় বিভিন্ন কলেজ ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, পর্যবেক্ষক ও পরীক্ষকদের উত্থাপিত অভিযোগ পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রকাশিত তালিকা অনুযায়ী, অধিকাংশ শিক্ষার্থীর বিরুদ্ধে ‘ঘ’ ধারায় শাস্তি আরোপ করা হয়েছে, যার ফলে সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের পরীক্ষা বাতিল করা হয়েছে। এছাড়া কয়েকজন শিক্ষার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিলের পাশাপাশি পরবর্তী এক বছর পরীক্ষায় অংশগ্রহণের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
প্রকাশিত তালিকা অনুযায়ী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন— ঝুমা আক্তার, আফরিন আক্তার, চয়ন সাহা, আছমা আক্তার, রাব্বি মিয়া ও ওমর ফারুক।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীরা হলেন— মো. আশরাফ, শান্তা আক্তার, নিপা আক্তার ও ফাতেমা আক্তার। এছাড়া সমাজবিজ্ঞান বিভাগে মৌসুমী আক্তার, সমাজকর্ম বিভাগে উম্মে হানি, অর্থনীতি বিভাগে প্রিয়াংকা দাস, হিসাববিজ্ঞান বিভাগে সাফা মারওয়া তাহেরা এবং ব্যবস্থাপনা বিভাগে রেহেনা আক্তার শাস্তির আওতায় পড়েছেন।
রসায়ন বিভাগে শাস্তিপ্রাপ্তরা হলেন— মারুফা আক্তার, আব্দুল হালিম খান, মুক্তা আক্তার ও মোশারফ হোসেন। উদ্ভিদবিজ্ঞান বিভাগে সানজিদা আক্তার, দিপঙ্কর পাল ঐক্য ও ফাতেমা আক্তার; প্রাণিবিদ্যা বিভাগে সুরাইয়া আক্তার ও লাইলি বেগম এবং গণিত বিভাগে মো. ফয়জুল্লাহ শাস্তিপ্রাপ্ত হয়েছেন।
এ বিষয়ে শিক্ষক পরিষদ সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান জানান, এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী যারা অসদুপায় অবলম্বন করেছে তাদের শাস্তি দেওয়া হয়েছে।