কুমিল্লার তরুণী সুলতানা রাজিয়া কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ায় দ্বিতীয়বারের মতো ছাত্র সিনেট সদস্য নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন।
১৩ মার্চ ওই বিশ্ববিদ্যালয়ে ছাত্র সিনেট নির্বাচনে সদস্য হিসেবে বিভিন্ন দেশের ১০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এরমধ্যে দুজন বাংলাদেশি শিক্ষার্থী। সুলতানা সেখানে বিপুল সমর্থন নিয়ে দ্বিতীয়বারের মতো জয়লাভ করেন।
ওই নির্বাচনে ৬০ হাজার শিক্ষার্থী তাদের প্রতিনিধি নির্বাচিত করার জন্য ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশি শিক্ষার্থী সুলতানা প্রথম স্থান অর্জন করেন।
তিনি কুমিল্লার দেবিদ্বার উপজেলার পান্নারপুল এলাকায় অবস্থিত বি-বাড়ীয়া সিএনজি ফিলিং স্টেশনের সত্ত্বাধিকারী রফিকুল ইসলাম আবুলের মেয়ে। তারা পার্শ্ববর্তী বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ গ্রামের বাসিন্দা।
পারিবারিক সূত্র জানায়, সুলতানা রাজিয়া ২০২২ সালে আইলট ফুল স্কলারশিপে ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া কানাডায় পড়াশোনা করতে যায়। ২০২৩ সালে সর্বপ্রথম বাংলাদেশি হিসেবে ওই বিশ্ববিদ্যালয়ে ছাত্র সিনেট সদস্য নির্বাচিত হয়ে সে ইতিহাস গড়েন। বহুজাতিক শিক্ষার্থীদের পক্ষে বিশেষ অবদান রাখায় সুলতানাকে ২০২৬ সালে পুনরায় সিনেট সদস্য নির্বাচিত করা হয়। বাংলাদেশের সন্তান হিসেবে আন্তর্জাতিক মানের একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে পারায় তাকে নিয়ে গর্ববোধ করছে এলাকাবাসী।
সুলতানা রাজিয়া বলেন, ২০২২ সালে আমি আইলট ফুল স্কলারশিপে ওই ইউনিভার্সিটিতে ভর্তি হই। ২০২৩ সালে আমি প্রথম বাংলাদেশি হিসেবে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সিনেটর নির্বাচিত হই। সিনেটে বহুজাতিক শিক্ষার্থীদের পক্ষে আমি যথাযথ দায়িত্ব পালন করি। এতে ২০২৬ সালে শিক্ষার্থীরা দ্বিতীয়বারের মতো আমাকে সিনেটের সদস্য নির্বাচিত করে।
তিনি বলেন, সিনেট হিসেবে আমি ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক বিষয়গুলো পরিচালনা পরিষদের সামনে তুলে ধরি। শিক্ষার্থীদের বৈধ দাবিদাবাগুলো আমাদের মাধ্যমেই পরিচালনা পর্ষদের কাছে উত্থাপন করা হয়। সিনেটে আমাদের একাডেমিক পলিসিগুলো পাশ হয়। আন্তর্জাতিক অঙ্গনে শিক্ষার্থীদের এমন প্রতিনিধিত্ব করতে পেরে আমি একজন বাংলাদেশি হিসেবে নিজেকে গর্বিত মনে করছি।