Image description

কলেজ বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কোনো ছাত্র সংগঠনের হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস এসএম ফরহাদ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নড়াইলে এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নড়াইল জেলা আয়োজনে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ অডিটরিয়ামে এ সংবর্ধনা দেওয়া হয়।

 
 

ডাকসু জিএস এসএম ফরহাদ বলেন, কলেজ বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কোনো ছাত্র সংগঠনের হতে দেওয়া হবে না। সেটা শিবির হোক আর যেই হোক, কলেজ ক্যাম্পাস হবে শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে উন্মুক্তভাবে চলাফেরা করবে, লেখাপড়া করবে। কেউ জোর করে দখল করতে এলে প্রতিহত করা হবে।

 
 

নড়াইল জেলা শাখার সভাপতি তাজ মোহাম্মদের সভাপতিত্বে ও নড়াইল জেলা শাখার সেক্রেটারী রোমান শেখের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের স্কুল কার্যক্রম সম্পাদক ডা. যায়েদ আহমাদ।

 

জেলায় জিপিএ-৫ প্রাপ্ত চার শতাধিক শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জেলা ছাত্রশিবিরের পক্ষ থেকে শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট ও কোরআন শরীফ উপহার দেওয়া হয়।

এ সময় জেলা, উপজেলা, কলেজ ছাত্রশিবিরের নেতারা উপস্থিত ছিলেন।