Image description

ঢালিউডের আলোচিত-সমালোচিত চিত্রনায়ক জায়েদ খান— যাকে নিয়ে এতদিন সামাজিক মাধ্যমে হাসি-তামাশা আর ট্রোলের শেষ ছিল না। তবে হঠাৎ করেই বদলে গেছে দৃশ্যপট। সমালোচনার সেই ঝড় পেরিয়ে এবার প্রশংসার আলোয় ভাসছেন এই অভিনেতা। সম্প্রতি প্রকাশিত ‘আমেরিকান ড্রিম’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে তার অভিনয় যেন নতুন করে চমকে দিয়েছে দর্শকদের। মাত্র আড়াই মিনিটের ছোট্ট এই নির্মাণে প্রবাস জীবনের কঠিন বাস্তবতা— স্বপ্ন, সংগ্রাম আর অজানা কষ্টের গল্প এমনভাবে তুলে ধরেছেন জায়েদ, যা স্পর্শ করেছে সিনেপ্রেমীদের হৃদয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় অভিনেতা জায়েদ খানের একটি ছবি, যেখানে তাকে নিউইয়র্কের রাস্তায় শ্রমিকের কাজ করতে দেখা যায়। বিষয়টি দেখে অনেকেই বিস্মিত হন। সত্যিই কি তিনি আমেরিকায় গিয়ে দিনমজুরের কাজ করছেন— এমন প্রশ্নও ওঠে নেটিজেনদের মাঝে। আবার কেউ কেউ তার এই লুক নিয়ে ইতিবাচক মন্তব্যও করেন।

পরে জানা যায়, ছবিটি ‘আমেরিকান ড্রিম’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের দৃশ্য। সংগীতশিল্পী জন কবির পরিচালিত এই চলচ্চিত্রে একেবারে খেটে খাওয়া সাধারণ প্রবাসী বাঙালির চরিত্রে দেখা গেছে জায়েদ খানকে।

সাফল্যের এ বিষয়ে জায়েদ খান বলেন, সাফল্য কার না ভালো লাগে। এতো মানুষের প্রশংসা, ভালোবাসা আমাকে খুব আবেগে আল্পুত করেছে। প্রবাসে যারা থাকেন বিশেষ করে, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, লন্ডন, এমনকি বাংলাদেশে্র সমস্ত বাঙ্গালিরা যেভাবে আমার এই নতুন ভাবে ফিরে আসাটাকে পজিটিভ ভাবে গ্রহণ করেছেন তাতে আমি কৃতজ্ঞ।

যারা এতদিন ট্রল করতো তাদের আমি দোষ দিব না, কারণ তাদের কাছে গ্রহণ করার বিষয়টি একেক রকম, তবে আমি এগুলোকে তেমনভাবে গুরুত্ব দেইনি। আমি সবসময় আলোচনা-সমালোচনা মাথা পেতে নিয়েছি।

তিনি আরও বলেন, আমি সবসময় আমার কাজকে গুরুত্ব দিয়েছি। আমেরিকায় আসার পর আমি নিজেকে নতুন করে গড়েছি, অভিনয়ে বেটার করার চেষ্টা করেছি। আসলে এটাই আমার ধ্যান জ্ঞান। যার কারণে হয়তোবা আজকে সাফল্য এসে ধরা দিয়েছে। আগামীতে আরও ভালো ভালো কাজ দিয়ে সবাইকে চমকে দেব ইনশাআল্লাহ। যারা একসময় আমাকে পছন্দ করতেন না তারাও হয়তো আগামীতে আমাকে ভালো কাজের জন্য পছন্দ করবেন।

এদিকে শর্টফিল্মটি নিয়ে ঠিকানা থেকে জানানো হয়, প্রবাসীদের জীবনে ‘আমেরিকান ড্রিম’ শুধু স্বপ্ন নয়, তার পেছনে থাকে সংগ্রাম, ত্যাগ এবং অনেক অদেখা বাস্তবতা। ‘ইমিগ্রেন্ট ডায়েরিস’ প্রথম পর্বে আমরা সেই যাত্রার একটি ছোট ঝলক তুলে ধরার চেষ্টা করেছি। মাত্র আড়াই মিনিটে জায়েদ খানের অভিনয়, অভিব্যক্তি সাড়া পাচ্ছে সর্বত্র। যারাই দেখছেন, বলছেন, জায়েদকে এভাবে এর আগে কেউ কখনো তুলে ধরেনি। নেটিজেনদের অনেকেই জায়েদ খানের এই নতুন কাজের প্রশংসা করেছেন।