স্বামী মহসিন মেহেদীর সঙ্গে আপাতত এক ছাদের নিচে থাকছেন না সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। তবে তাদের মধ্যে এখনো বিবাহবিচ্ছেদ হয়নি বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে তাদের বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন এই সংগীতশিল্পী।
গত বুধবার (২৫ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে ন্যান্সি লেখেন, ‘মেহেদী এবং আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে পথচলা একসময় আমাদের কাছে সবকিছু ছিল, তা আজ শেষ হলো।’ তার এই পোস্টের পরই স্বামী মহসিন মেহেদীর সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টেনেছেন বলে খবর প্রকাশিত হতে থাকে।
পরে অবশ্য নিজের সেই স্ট্যাটাস সরিয়ে নেন ন্যান্সি। একই সঙ্গে ফেসবুক অ্যাকাউন্টও ডিঅ্যাক্টিভেট করেন তিনি। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এই সংগীতশিল্পী।
ফেসবুক থেকে পোস্ট সরিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করে ন্যান্সি বলেন, ‘ফেসবুক স্ট্যাটাস সরিয়ে নিয়েছি, এটা সত্য এবং অ্যাকাউন্টও ডিঅ্যাক্টিভেট করেছি। কিন্তু কেন করেছি, অবশ্যই তার কারণ রয়েছে।’
ন্যান্সির ভাষ্য, স্বামীর সঙ্গে আলাদা থাকার সিদ্ধান্তের কথা জানালেও সেটিকে বিবাহবিচ্ছেদ হিসেবে ব্যাখ্যা করা হবে, তা তিনি ভাবেননি। বিষয়টি নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তির কারণেই পোস্টটি সরিয়ে নিয়েছেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ফেসবুক স্ট্যাটাসে আমাদের আলাদা হওয়ার কথা বলেছি। সেটা যে কারণেই হোক, আমি লিখেছি। কিন্তু সেই শব্দটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হবে, তা বুঝতে পারিনি। আমারও ভুল হতে পারে, হয়তো বিষয়টি সেভাবে বোঝাতে পারিনি। এ কারণে স্ট্যাটাসটি সরিয়ে নিয়েছি। যাতে এ নিয়ে আর বিভ্রান্তি না ছড়ায়।’
স্ট্যাটাস মুছে ফেলার পরও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নানা নেতিবাচক মন্তব্য আসছিল বলে জানান ন্যান্সি। এ কারণেই নিজের ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করেছেন বলে জানান তিনি।
তবে স্বামীর সঙ্গে আলাদা থাকাকে বিবাহবিচ্ছেদের সঙ্গে মেলাতে নারাজ এই সংগীতশিল্পী। বিষয়টি স্পষ্ট করে ন্যান্সি বলেন, ‘আমি আলাদা হওয়ার কথা উল্লেখ করেছি। আলাদা হওয়া আর ডিভোর্স এক নয়। বিষয়টি কিছু সংবাদমাধ্যম এমনভাবে উপস্থাপন করেছে, যেন বেশ আগে ডিভোর্স হয়ে গেছে আমাদের। আমি আপাতত তার (মহসিন মেহেদী) থেকে আলাদা থাকছি। মানুষ তো মান-অভিমান করেও আলাদা থাকে। আমাদের মধ্যকার বিষয়টি ঠিক এতটুকুই।’
উল্লেখ্য, ২০২১ সালের আগস্টের শেষ দিকে গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ন্যান্সি। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে পারিবারিক আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এটি সংগীতশিল্পীর তৃতীয় বিয়ে।
ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা প্রকাশ্যে কথা বলতে দেখা যায় না ন্যান্সিকে। তবে এবার ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে তার দাম্পত্য জীবন নিয়ে নানা আলোচনা শুরু হয়। সেই আলোচনার পরিপ্রেক্ষিতেই জানালেন, স্বামীর সঙ্গে আপাতত আলাদা থাকলেও এখনো তাদের বিবাহবিচ্ছেদ হয়নি।